বিশ্বকাপ শুরু হতে অনেকটা দেরি থাকলেও হোর্হে সাম্পাওলি তার কাজ শুরু করে দিয়েছেন অনেক আগে থেকে। ইউরোপ সফরে বেরিয়েছেন দল নির্বাচন করতে, যে দলটা সাজাবেন তিনি লিওনেল মেসিকে কেন্দ্র করে। রাশিয়া বিশ্বকাপে দলের সেরা অস্ত্রকে তিনি চাইছেন এখনকার ফর্মে।
বার্সেলোনায় চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে মেসির। ফিটনেসের দিক থেকে আছেন দুর্দান্ত অবস্থায়, আর পারফরম্যান্সে তো চিরচেনা সেই মেসি। এই ফিটনেস ও ফর্ম নিয়েই মেসি রাশিয়া বিশ্বকাপে যাবেন বলে আশা করছেন সাম্পাওলি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘(গোল নিশ্চিত করছে) মেসি শারীরিক ও মানসিক অবস্থার সর্বোচ্চ জায়গা থেকে নামবে (রাশিয়ায়)।’
২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেসির। জার্মানির বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর। ওই বিশ্বকাপের পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দলের পরিবেশ নিয়ে কথা উঠেছিল। তবে এবারের অবস্থা একেবারে অন্যরকম বলে জানিয়েছেন সাম্পাওলি। আর বিষয়টি তিনি মেসিকে জানিয়েছেনও। আর্জেন্টাইন কোচের বক্তব্য, ‘(বোর্ড ও দলে) কী ঘটছে, আমরা লিওর সঙ্গে আলোচনা করছি। জানিয়েছি, চার বছর আগের (ব্রাজিল) বিশ্বকাপের অবস্থা ও এখানে খুঁজে পাবে না।’
১৯৮৬ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার। ডিয়েগো ম্যারাডোনা লাতিন দেশটিতে ফুটবল আনন্দ ছড়ানোর পর গত আসরে মেসিকে ঘিরে স্বপ্ন দেখেছিল আর্জেন্টাইনরা। কিন্তু শিরোপার কাছে গিয়েও পারেনি আলবিসেলেস্তেরা। রাশিয়া বিশ্বকাপের মিশনে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া।








