আন্তোনিও কন্তের ওপর চাপ আরও বেড়ে গেলো। বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের কাছে হেরে গেলো তার দল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন ম্যানচেস্টার সিটি জিতলেও হেরে গেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নেমেছিল কন্তের শিষ্যরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্যালাম উইলসন, জুনিয়র স্তানিস্লাস ও নাথান আকের গোলে ঘরের মাঠে চেলসি হেরে গেছে ৩-০ গোলে।
২৫ ম্যাচে লিভারপুলের সমান ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি। গোলব্যবধানে অল রেডদের চেয়ে পিছিয়ে তারা।
প্রিমিয়ার লিগের রেকর্ড সংখ্যক ৮১ হাজার ৯৭৮ দর্শকের সামনে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। মাত্র ১১ সেকেন্ডে এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যাচ শুরু হতেই সরাসরি লম্বা পাস থেকে ক্রিস্টিয়ান এরিকসেন পরাস্ত করেন ডেভিড ডি গিয়াকে। ২৮ মিনিটে ফিল জোন্স করেন দ্বিতীয় গোল। আর ঘুরে দাঁড়াতে পারেনি ইউনাইটেড।
২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট ম্যানইউর। হোসে মরিনহোর শিষ্যরা এখন শীর্ষস্থান থেকে ১৫ পয়েন্ট দূরে।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি ৩-০ গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়েছে। ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ১৯ মিনিটে ফের্নান্দিনিয়োর গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। দুইবার সুবর্ণ সুযোগ নষ্ট করা কেভিন ডি ব্রুইন ব্যবধান দ্বিগুণ করেন ৬৮ মিনিটে। ঠাণ্ডা মাথায় ৮৯ মিনিটে তৃতীয় গোল করেন সের্হিয়ো আগুয়েরো।







