দীর্ঘদিন পর জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে। আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, আর ম্যাচটি হবে প্রতিপক্ষের মাঠে।
রবিবার জাতীয় টিমস কমিটির সভায় একাধিক সিদ্ধান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবলে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। বর্তমানে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ওর্ড। কয়েকদিনের মধ্যে তার সঙ্গে একজন গোলরক্ষক কোচ আর একজন ফিটনেস কোচ যোগ দেবেন। ৪০ সদস্যের প্রাথমিক দল নিয়ে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরু হবে।
সভা শেষে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। পরিকল্পনা তৈরির জন্য খুঁটিনাটি দিক নিয়ে সাত দিনের মধ্যে কাজ শেষ হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আমরা সব কিছু বিশদে জানাবো।’
জাতীয় দল নিয়ে তিনি বলেছেন, ‘২৭ মার্চ লাওসের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। ৪০ জনের প্রাথমিক দল ঘোষণার পর বিকেএসপিতে শুরু হবে ক্যাম্প। আমরা গোলরক্ষক আর ফিটনেস কোচ নিতে যাচ্ছি। প্রধান কোচ সব কিছু পর্যবেক্ষণ করছেন। তার সুপারিশের ভিত্তিতে পরিকল্পনা করা হচ্ছে।’







