বার্সেলোনার জার্সিতে খেলাটা তার জন্য ছিল স্বপ্ন। শীতকালীন দলবদলে সেই স্বপ্ন পূরণ হওয়া ফিলিপে কৌতিনয়ো সতীর্থ হিসেবে পেয়েছেন লিওনেল মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে মাঠে কাটানো সময়টার পূর্ণ সুবিধা নিতে চান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে নিজেকে গুছিয়ে নিচ্ছেন কৌতিনিয়ো। শুরুটা বদলি খেলোয়াড় হিসেবে হলেও একাদশে থেকে মাঠে নামাটাও হয়ে গেছে তার। মেসির সঙ্গে বোঝাপড়াটাও একটু একটু করে জমাট বাঁধছে। একসঙ্গে অনুশীলন ও মাঠে নামার অভিজ্ঞতা থেকে কৌতিনিয়ো খুব কাছ থেকে দেখছেন মেসির পারফরম্যান্স। যেখানে আর্জেন্টাইন অধিনায়কের প্রতিদিনের উন্নতি চোখে পড়েছে তার। ‘এইটটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘ব্যাপারটা বিস্ময়কর লাগে, মেসি এখনও প্রতিদিন উন্নতি করছে। সতীর্থ হিসেবে আমার লক্ষ্য থাকবে, ওর সঙ্গে খেলার সুবিধাটা কাজে লাগানোর।’
বার্সেলোনায় যোগ দিয়ে দলের সবার কাছ থেকে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। সতীর্থদের কাছ থেকে শিখছেন তিনি নতুন অনেক কিছু, ‘প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শিখছি। তারা আমাকে যে সব বিষয় শেখাচ্ছে, সেগুলো থেকে সুফল বের করার চেষ্টা করছি।’
বার্সেলোনায় যোগ দেওয়ার কারণও সামনে এনেছেন সাবেক লিভারপুল মিডফিল্ডার, ‘সত্যি আমি বড় শিরোপা জিততে চাই, এই ক্লাবে যোগ দেওয়ার অন্যতম কারণ এটি। যতটা সম্ভব শিরোপা জিততে চাই এখানে।’ মার্কা








