নেইমার থেকে মুক্তি নেই রিয়াল মাদ্রিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৭

নেইমার থেকে মুক্তি নেই রিয়াল মাদ্রিদের নেইমারের বার্সেলোনা ছেড়ে যাওয়ার খবরে সবচেয়ে খুশি হয়েছিল সম্ভবত রিয়াল মাদ্রিদ। প্রথমত, অনেক চেষ্টা করেও সান্তোস থেকে ব্রাজিলিয়ান তারকাকে আনতে পারেনি তারা, এর ওপর আবার যোগ দেয় তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী দলে। দ্বিতীয়ত, ‘এল ক্লাসিকো’ মহারণে নেইমারকে নিয়ে তৈরি হওয়া চিন্তার মেঘ একেবারে কেটে গেল।

কিন্তু তা আর হচ্ছে কই! আবারও সেই নেইমারকে থামানোর ছক কষতে বসতে হচ্ছে রিয়ালকে। ব্রাজিলিয়ান তারকা এবার আসছেন প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সি গায়ে। বুধবার দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামতে যাচ্ছে দল দুটি।

গুঞ্জন আছে, নেইমারকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও আনা যায়নি রিয়াল মাদ্রিদে। কারণ হিসেবে বলা হয়, লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন থেকেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও এই টাকার কারণেই আবার তিনি ছেড়েছেন ন্যু ক্যাম্প! নেইমার যতই ‘টাকার জন্য নয়’ বলে নিজেকে আড়াল করার চেষ্টা করুন না কেন, ২২২ মিলিয়ন ইউরোর ‘প্রাইজ ট্যাগ’ একটু হলেও অন্য ইঙ্গিত দেয়।

এই নেইমারকেই নাকি দলে আনার চেষ্টা নতুন করে শুরু করেছে রিয়াল। আগামীর বিশ্বসেরা খেলোয়াড়ের দলে থাকাটা যেমন রিয়ালের ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে, তেমনি কোচ ও খেলোয়াড়দের রাতের ঘুম হারাম করা তারকা নিজের দলে থাকলে অনেকটাই নির্ভার হয়ে থাকা যায়- বড় একটি কারণ হতে পারে এটি। তাছাড়া নেইমার সম্পর্কে রিয়াল খুব ভালো করেই জানে। ‘এল ক্লাসিকো’তে আটবার সামলাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। প্রত্যেকবারই ‘লস ব্লাঙ্কোদের’ রক্ষণকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর দ্বৈরথে নেইমারের করা ৩ গোল হয়তো অতটা প্রভাব ফেলবে না। শুধু গোল দিয়ে আসলে ফুটবল ম্যাচের উত্তেজনা বোঝানো সম্ভব নয়। নেইমারের বিষয়টা সেরকমই। তবে তার অ্যাসিস্ট দিয়ে হয়তো কিছুটা হলেও বোঝানো সম্ভব। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়ালের বিপক্ষে বার্সেলোনার সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫ গোল। সব মিলিয়ে রিয়ালের বিপক্ষে খেলা ৮ ম্যাচে ৩ গোলের সঙ্গে করিয়েছেন ৫ গোল।

চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তখনও তিনি ছিলেন কাতালান খেলোয়াড়। যদিও পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ায় ছিলেন মাঠের বাইরে। তার আগে রিয়ালের বিপক্ষে লিগের সবশেষ ম্যাচ খেলতে পারেননি আবার নিষেধাজ্ঞার কারণে। ক্যালেন্ডারের পাতা বলছে, ২০১৬ সালের ডিসেম্বরে শেষবার নেমেছিলেন তিনি মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে।

দীর্ঘ সময় পর আবার রিয়ালের মুখোমুখি হচ্ছে তিনি চ্যাম্পিয়নস লিগ দিয়ে। প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে বুধবার দিবাগত রাতে শেষ ষোলোর লড়াইয়ে নামবেন তিনি। একটা জায়গায় অবশ্য রিয়ালের সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে ২৬ বছর বয়সী তারকার। লা লিগা ও কোপা দেল রে’তে ‘লস ব্লাঙ্কোদের’ সঙ্গে দেখা হলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবারই প্রথমবার তাদের বিপক্ষে নামতে যাচ্ছেন মাঠে।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর আরও ধারালো হয়েছে নেইমারের পারফরম্যান্স। গোলের পর গোল করে নিজের লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। রিয়ালের ভয়টা তাই এবার আরও বেশি। মেসির ছায়া থেকে বেরিয়ে পিএসজির প্রাণভোমরা হয়ে ওঠা ব্রাজিলিয়ান তারকা নিজের সেরাটা নিয়ে নামতে প্রস্তুত। লেফট উইং দিয়ে আক্রমণে ওঠে রক্ষণে ঝড় তুলতে জুড়ি নেই তার। রিয়াল কোচ জিনেদিন জিদানের চিন্তাটা আরও বেশি হওয়ার কারণ তাকে আটকানোর জন্য রাইটব্যাক দানি কারভাহালকে পাচ্ছেন না নিষেধাজ্ঞার কারণে।

বার্সেলোনার জার্সিতে নেইমার ঝড় সামলানো যায়নি, পিএসজির নেইমার আসছেন আরও ভয়ঙ্কর রূপে। রিয়াল অবশ্য ঝড়ের পূর্বাভাস পেয়েছে শেষ ষোলোর ড্র হওয়ার পরই!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি