জানা গেল লা লিগা মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর সূচি। আগামী ৬ মে বার্সেলোনার ন্যু ক্যাম্পে খেলবে রিয়াল মাদ্রিদ। লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ ৭ পয়েন্ট পেছনে। আর রিয়াল মাদ্রিদ ১৪ পয়েন্ট পিছিয়ে থেকে তিন নম্বরে।
রেডিও শো ‘এল লারগুয়েরো’তে তেবাস বলেছেন, লা লিগার ৩৬তম সপ্তাহে হবে দ্বিতীয় এল ক্লাসিকো। অবশ্য তারিখ ও সময়টা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সা ৩-০ গোলে জিতেছিল সান্তিয়াগো বার্নাব্যুতে।
মৌসুমের শেষদিকে ক্লাসিকো শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও ২০১৭ সালের এপ্রিলে বার্নাব্যুতে লিওনেল মেসির হ্যাটট্রিকে বার্সার ৪-৩ গোলের জয় গত মৌসুমে রিয়ালকে শিরোপা বঞ্চিত করতে পারেনি। তার আগের মৌসুমের শেষ এল ক্লাসিকোতে ন্যু ক্যাম্পে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে রিয়ালের ২-১ গোলের জয়ও বার্সার শিরোপায় বাধা হয়ে দাঁড়ায়নি।
ন্যু ক্যাম্পে বার্সা-রিয়ালের লড়াইয়ের সপ্তাহেই হবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ। ইএসপিএনএফসি








