লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্নের কথা শুনিয়েছেন অনেক খেলোয়াড়ই। সেই সৌভাগ্য সবার হয়নি। উসমান দেম্বেলের অবশ্য হয়েছে। বার্সেলোনার নতুন এই সদস্য জানতেন, একদিন ঠিকই খেলবেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে।
বার্সেলোনার অভিষেকটা মোটেও ভালো হয়নি দেম্বেলের। ধীরগতির শুরুর পর চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় তাকে। শুরুর দিকে অনুশীলনে বেশি সময় দিতে না পারায় মেসির সঙ্গে সম্পর্কটা সেভাবে গড়ে ওঠেনি তারা। তবে চোট কাটিয়ে তার ওপর থাকা প্রত্যাশা একটু একটু করে মেটাতে শুরু করেছেন ফরাসি ফরোয়ার্ড। জিরোনার বিপক্ষে কাতালানদের পাওয়া ৬-১ গোলের জয়ে দারুণ পারফর্ম করেছেন দেম্বেলে।
নেইমারের সঙ্গে মেসির সম্পর্কটা ছিল দারুণ। মাঠ ও মাঠের বাইরে তাদের বন্ধুত্ব অজানা থাকার কথা নয় ফুটবলপ্রেমীদের। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জায়গা পূরণ করতেই গত গ্রীষ্মের দলবদলে ১০৫ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছেন দেম্বেলে। যাতে পূরণ হয়েছে তার মেসির সঙ্গে খেলার স্বপ্ন। ফরাসি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ২০ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘যে জায়গায় আছি, এখানে আসতে অনেক যুদ্ধ করতে হয়েছে আমাকে। আমি সবসময়ই জানতাম একদিন ঠিক মেসির সঙ্গে খেলব।’
বার্সেলোনার জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েন দেম্বেলে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে জানুয়ারির শুরুতে ফিরলেও আবার মাঠের বাইরে ছিটকে যান তিনি। মৌসুমের শুরুর দিকে চোটে পড়ায় একটা সুবিধাজনক দিকও খুঁজে পেয়েছেন তিনি, ‘আমি চোটে পড়লাম, তবে শান্ত থাকার চেষ্টা করেছি। এটা ভেবে আমার ভালো লেগেছে যে ব্যাপারটা মৌসুমের শেষের দিকে বাদ দিয়ে শুরুর দিকে হয়েছে, কারণ শেষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকে।’ গোল ডটকম







