তাকে ঘিরেই ছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু হলো না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে নামতেই পারছেন না নেইমার। চোটের কারণে ছিটকে যাওয়া এই ফরোয়ার্ড না থাকলেও জয়ের স্বপ্ন ঠিকই দেখছে পিএসজি। আর সেই জয়টা উৎসর্গ করতে চায় তারা নেইমারকে।
অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে হাড় ভেঙে গেছে ব্রাজিলিয়ান তারকার, তাই যেতে হচ্ছে ছুরি-কাঁচির নিচে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসজির জন্য যা বিশাল ধাক্কা। সেই ধাক্কা কাটিয়ে ওঠে রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ফরাসি ক্লাবটির কোচ উনাই এমেরি।
সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ পিএসজি হেরেছে ৩-১ গোলে। এই ব্যবধান ঘুচিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা করছেন এমেরি। আর সেই জয়টা উৎসর্গ করার ইচ্ছা নেইমারকে। শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তাকে (নেইমার) জয় উপহার দিতে চাই, অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা মুখোমুখি হচ্ছি ম্যাচটিতে। অনেক মানুষের প্রত্যাশা রয়েছে, আর আমি জানি আমরা পারব।’
নেইমারের অভাব নিঃসন্দেহে টের পাবেন এমেরি, আর সেটা মানছেনও তিনি। তবে দলের অন্য খেলোয়াড়দের ওপরও আস্থা আছে তার, ‘আমরা সবাই নেইমারকে চেয়েছিলাম, একসঙ্গে প্রস্তুতি নিচ্ছিলাম রিয়ালের বিপক্ষে ম্যাচের জন্য। সত্য হলো নেইমার একাই ব্যবধান গড়ে দেয়, তবে আমরা এখন অন্য খেলোয়াড়দের মাধ্যমে জয় চাইছি।’
তাদেরই একজন আনহেল দি মারিয়া। নেইমারের জায়গা নেওয়ার দৌড়ে তিনিই এগিয়ে। এমেরি সেটা স্পষ্ট না করলেও আর্জেন্টাইন উইঙ্গারের প্রশংসা করেছেন, ‘দুই দিকেই ও খেলতে পারে। সে অনেক অভিজ্ঞ ও পিএসজির গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ মার্কা








