দিনকয়েক আগে পেপ গার্দিওলা মন্তব্য করেছিলেন, লিওনেল মেসিকে আটকানোর কোনও পথ নেই। ম্যানচেস্টার সিটি কোচের কথার সঙ্গে একমত রোমা ডিফেন্ডার কসতাস মানোলাস।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে রোমার। বুধবার ন্যু ক্যাম্পের প্রথম লেগের আগে কাতালান ক্লাবের প্রধান অস্ত্র মেসির ব্যাপারে কথা বলেছেন ইতালিয়ান ক্লাবটি গ্রিক ডিফেন্ডার মানোলাস। তিনিও মনে করছেন, চলতি মৌসুমে বার্সেলোনার সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ানো আর্জেন্টাইন অধিনায়ককে ‘আটকানোর কোনও পথ নেই’।
লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। ঘরোয়া লিগের এই সাফল্যে মেসি করেছেন ২৬ গোল, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১২ গোল। সবশেষ ম্যাচেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী দেখিয়েছেন দলে তার প্রয়োজনীয়তা কতটা। নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ ২-২ গোলে ড্র করেছেন তিনি বদলি হয়ে মাঠে নেমে।
এই ফর্ম নিয়েই মেসি নামতে যাচ্ছেন রোমার বিপক্ষে। ন্যু ক্যাম্পের ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ক সম্পর্কে গার্দিওলার বলা কথার সঙ্গে একমত রোমা ডিফেন্ডার মানোলাস, ‘গার্দিওলাই ঠিক, তিনি বলেছেন তাকে (মেসি) আটকানোর কোনও পথ নেই।’ সঙ্গে যোগ করেছেন, ‘আপনি যদি কোনোমতে তাকে আটকাতেও পারেন, তখন আবার বাকি ১০ খেলোয়াড় আঘাত করবে। অবশ্যই মেসি ছাড়া বার্সেলোনা অন্যরকম দল।’ গোল ডটকম







