দিনকয়েক আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। বিশ্বকাপ শুরুর মাস দুয়েক আগে দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশদেরই ফেভারিট মানছেন দলটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো।
রাশিয়ার বসছে ২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞ। বিশ্বকাপের আগে স্পেন রয়েছে দারুণ ফর্মে। মাদ্রিদে আর্জেন্টিনার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচেই দেখা গেছে ‘লা রোজারা’ কতটা একতাবদ্ধ। স্পেনের সঙ্গে ব্রাজিল ও জার্মানিকে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের ফেভারিট। জাবিও মানছেন সেটা। তবে তার দেশকে একটু এগিয়েই রাখছেন সাবেক এই মিডফিল্ডার, ‘সবকিছু জেতার সম্ভাবনা আছে স্পেনের। দারুণ সব খেলোয়াড় আছে দলে, যারা খুব ভালো করে জানে এই ধরনের প্রতিযোগিতা কীভাবে জিততে হয়।’
২০১৪ বিশ্বকাপের পরই জাবি বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। আর গত বছর বায়ার্ন মিউনিখকে বিদায় জানানোর সঙ্গে ইতি টানেন ফুটবল ক্যারিয়ারের। জার্মান ক্লাবটিতে তিনি যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে। ২০১৪ সালে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার আগে কাটিয়ে গিয়েছিলেন পাঁচ বছর। মাদ্রিদের ক্লাবটির প্রতি তার আছে আলাদা টান। সেই ভালোবাসা থেকেই রিয়ালের খেলা মিস করেন না তিনি। দেখেছেন জুভেন্টাসের বিপক্ষে ‘লস ব্লাঙ্কোদের’ ৩-০ গোলে জেতা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচও।
জুভেন্টাসের মাঠ থেকে বড় জয় নিয়ে ফেরায় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল। তবু অপেক্ষায় আছেন জাবি, ‘সেমিফাইনাল নিশ্চিতই হয়ে গেছে, তবে আমাদের অপেক্ষা করতে হবে।’ একই সঙ্গে করেছেন রোনালদোর প্রশংসা, ‘অবশেষে বাইসাইকেল কিক থেকে গোল পেল রোনালদো। আর গোলটা যেভাবে করেছে, সত্যি দর্শনীয়।’ মার্কা







