চুক্তি ছিল এক বছরের, কিন্তু ১০ মাসের মাথায় পদত্যাগ করেছেন অ্যান্ড্রু ওর্ড। জাতীয় ফুটবল দল ছেড়ে তিনি এখন থাই প্রিমিয়ার লিগের এয়ার ফোর্স দলের কোচ। গত মাসে লাওস সফরের পর তিনি আর বাংলাদেশে ফেরেননি। হঠাৎ কেন বাংলাদেশ ছাড়লেন? কারণ হিসেবে এই অস্ট্রেলিয়ান কোচ জানালেন, পারিবারিক সমস্যার কথা।
শুক্রবার বাংলা ট্রিবিউনকে ওর্ড বললেন, ‘আমার মেয়াদে সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ হয়ে যেতো, আর তা হলে ভালোই হতো। গত মাসে নতুন করে প্রস্তাব পাওয়ার পর আমারও নীতিগত তেমন সমস্যা ছিল না। কিন্তু আমি থাকতে পারবো কিনা, নিশ্চিত ছিলাম না। পারিবারিক সমস্যাই তার প্রধান কারণ। পরিবারকে প্রাধান্য দিতে বাংলাদেশ দলের কাজ ছাড়তে হয়েছে।’
পরিবারকে নিয়ে একটু বেশিই চিন্তিত জাতীয় দলের সদ্য বিদায়ী কোচ, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করে ভালোই লাগছিল। কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়। পরিবারের সদস্যরা চাইছে আমি যেখানেই কাজ করি, তারা যেন সহজে আমার সঙ্গে দেখা করতে পারে, সময় কাটাতে পারে। আমার ছেলের বয়স তিন বছর। তাকে দেখাশোনা করা দরকার। তাই ব্যাংককে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
হঠাৎ বাংলাদেশ ছেড়ে চলে গেলেও একটা বিষয়ে তৃপ্ত ওর্ড, ‘একটা বিষয় স্বস্তি দিচ্ছে আমাকে, অন্তত জাতীয় দলের ভিত্তি গড়ে দিতে পেরেছি। নতুন কোচ তরুণ খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যেতে পারবেন। আমি খেলোয়াড়দের বদলে দেওয়ার কাজটি করছিলাম, যেন তারা নেতিবাচক দিকগুলো ভুলে যেতে পারে। কিছুটা যে সফল হয়েছি লাওস ম্যাচেই তার প্রমাণ মিলেছে। সামনে সাফ ও এশিয়ান গেমস। আশা করি, বাংলাদেশ এই দুই প্রতিযোগিতায় ভালো করবে।’
সবশেষে ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে তার মন্তব্য, ‘যতদিন কাজ করেছি, বাফুফের সহযোগিতা পেয়েছি। আমার সব পরিকল্পনা বাস্তবায়নে তারা সাহায্য করেছে।’








