কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে চ্যাম্পিয়নস লিগে চমৎকার সময় কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু লিভারপুলের বিপক্ষে বাজেভাবে হারের পর ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তারা। কঠিন এই পরিস্থিতিতে দলটির কোচ পেপ গার্দিওলাই বলছেন, চ্যাম্পিয়নস লিগ জিততে প্রস্তুত নয় ম্যানসিটি।
এবারের মৌসুমের মতো চ্যাম্পিয়নস লিগে এতটা ভালো পারফর্ম কখনও করেনি ম্যানসিটি। তাই সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন- ইউরোপিয়ান শিরোপা অবশেষে আসছে ঘরে। কিন্তু সেই আশার বেলুন চুপসে গেছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যানফিল্ড থেকে ৩-০ গোলে হেরে আসায়।
অথচ এই সিটিজেনরাই গ্রুপ পর্বে দাপট দেখিয়েছিল সবচেয়ে বেশি। ছয় ম্যাচের পাঁচটিতে জেতার পথে প্রতিপক্ষদের জালে বল জড়িয়েছিল ১৪বার, বিপরীতে হজম করেছিল মাত্র ৫ গোল। এরপর শেষ ষোলোতে বাসেলকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়ে আসে ৪-০ গোলে। আর প্রথম লেগেই কোয়ার্টার ফাইনাল একরকম নিশ্চিত হওয়ায় ‘গা ছাড়া’ পারফরম্যান্সে ইতিহাদের ফিরতি লেগে হারে ২-১ ব্যবধানে।
উড়তে থাকা সেই ম্যানসিটিকে চেনাই যায়নি লিভারপুলের বিপক্ষে। ‘অল ইংলিশ’ কোয়ার্টার ফাইনালের পর গার্দিওলার উপলব্ধি, ‘অ্যানফিল্ডের ম্যাচ দেখার পর আমার মনে হয়েছে, আমরা একধাপ এগিয়েছি। গত মৌসুমে আমি অনুভব করেছিলাম আমরা প্রস্তুত না, এখনও আমার মনে হচ্ছে আমরা প্রস্তুত নই, তবে আমরা একধাপ এগিয়েছি।’
এগিয়ে যাওয়ার জায়গাগুলোও গার্দিওলা দেখিয়ে দিয়েছেন শুক্রবারের সংবাদ সম্মেলনে, ‘গ্রুপ পর্ব ও বাসেলের প্রথম ম্যাচটি আমরা অসাধারণ খেলেছি। উন্নতি চোখে পড়ার মতো।’ কথাটা শেষ করেই ঘোষণা দিলেন, ‘আমরা এখনও চ্যাম্পিয়নস লিগে টিকে আছি। সামনের মঙ্গলবার (লিভারপুলের বিপক্ষে) আপনি দেখবেন চমৎকার এক ম্যাচ।’ গোল ডটকম







