কাজের কাজটা সেরে নিয়েছে ঘরের মাঠেই, রোমে কেবল সেমিফাইনালের আনুষ্ঠানিকতা সারার অপেক্ষা। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৪-১ গোলে জেতা যেকোনও দলের পক্ষেই এমন বাজি ধরা যায়। এর ওপর দলটি যখন বার্সেলোনা, তখন বিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ।
কাতালান ক্লাবটির সহজ সমীকরণ নাকি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে রোমার রূপকথা, জানা যাবে মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হওয়া কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। রোমের স্তাদিও অলিম্পিয়াকোর উত্তেজনাকর এই দ্বৈরথটি সরাসরি দেখা যাবে ‘সনি টেন ওয়ান’ চ্যানেলে।
বার্সেলোনা ম্যাচটি ৩-০ গোলের নিচে হারলেও নিশ্চিত করবে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির ১১তম সেমিফাইনাল। ঘরের মাঠে তাই রোমাকে দিতে হবে কঠিন পরীক্ষা। একরকম অসম্ভব সমীকরণ মেলাতে হবে তাদের। আর এর জন্য তাদের প্রতিপক্ষ বার্সেলোনার কাছ থেকেই নিতে পারে অনুপ্রেরণা। গত মৌসুমে প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠ থেকে শেষ ষেলোর প্রথম লেগ ৪-০ গোলে হেরেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল লুই এনরিকের দল ৬-১ গোলের অবিশ্বাস্য এক জয়ে।
রোমাকেও অমন কোনও বিস্ময়কর কাজ করতে হবে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে হলে। তবে কাজটা ভীষণই কঠিন তাদের জন্য। শুধু গোল দিলে তো আর চলবে না, আটকাতে হবে লিওনেল মেসিদের। আর্জেন্টাইন ফরোয়ার্ড আগের ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। ফিটনেস নিয়ে অনেক কথা শোনা গেলেও লেহানেসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দেখিয়ে দিয়েছেন রোমাকে ধ্বংস করতে প্রস্তুত তিনি।
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে রোমাকে ম্যাচটি জিততে হবে ৩-০ গোলে। তবে বার্সেলোনা ১ গোল দিলে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে স্বাগতিকদের দিতে হবে অন্তত ৪ গোল। তখন অ্যাওয়ে গোল ও স্কোরলাইন সমান হওয়ায় ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আর কাতালানরা ২ গোল দিয়ে ফেললে ইতালিয়ান ক্লাবকে জিততে হবে ৬-২ ব্যবধানে। ভীষণ কঠিন, তবে অসম্ভবও নয়।
বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে তাই সতর্ক। ৪-১ গোলে এগিয়ে থেকেও বলেছেন, ‘মোটেও ভাবছি না আমরা জিতে গেছি। প্রথম লেগে আমরা দারুণ এক ফল পেয়েছে, এই যা। আমরা গোলশূন্য ড্র মনে করেই খেলতে নামব, কারণ যেকোনও কিছু ঘটতে পারে। আমাদের লক্ষ্য শুধুই জয়, অন্যকিছু ভাবছি না।’ স্বাগতিকদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বার্সেলোনা কোচ, ‘আমি সবসময় ভাবি আমরা হারতে পারি, আবার একই সঙ্গে এটাও মনে করি আমরা জিততে পারি। কিছু বিষয় আমাদের অনুকূলে আছে। ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে, আমরা প্রস্তুত সেজন্য।’
রোমা কোচ ইউসিবিও দি ফ্রান্সেস্কো বিশ্বাস রাখছেন মনে। তবে প্রতিপক্ষকে সমীহ করছেন ঠিকই, ‘মনে রাখবেন এই বার্সেলোনা এক রাতে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে এই দল গড়ে উঠেছে, পাঁচ-ছয় মাস কিংবা কয়েক দিনে নয়। এটাই বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি। আমার লক্ষ্য নিজের আবেগ দিয়ে কাজ করা, সেটা যেমন ভালো সময়ে, তেমনি খারাপ সময়েও। সবসময় চেষ্টা করি কম ভুল করার।’ উয়েফা ডটকম







