তুরিনে অসাধারণ জয়ের পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের জন্য ফেভারিট হিসেবে জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ৩-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান জায়ান্টদের সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগত জানাবে তারা। ফেভারিট হলেও কোনও কিছুর নিশ্চয়তা দিচ্ছেন না রাফায়েল ভারানে।
লড়াইটা মোটেও সহজ হবে না। কারণ প্রথম লেগে হারের প্রতিশোধ নিতেই কেবল নয়, কার্ডিফ ফাইনালে হারের ব্যথা ভুলতে লড়বে জুভেন্টাস। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ভারানে বলেছেন, ‘সেরা একটি দলের বিপক্ষে কঠিন হবে এই খেলা। তারা জানে ফুটবলে সবকিছু সম্ভব, তারা জেতার জন্য খেলবে। আমরাও গোলশূন্য ড্রর জন্য খেলতে যাচ্ছি না। আমরা জেতার চেষ্টা করব। আমরা জানি এটাই আমাদের চাওয়া।’
নিষিদ্ধ সের্হিয়ো রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগের নেতৃত্বে ভূমিকা রাখতে পারেন এই ডিফেন্ডার। একাদশে জায়গা পেলে সতীর্থদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছেন ভারানে, ‘আমাকে খুব ভালো খেলতে হবে, উচ্চ পর্যায়ে পারফর্ম করতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলতে হবে। রামোসের মতো হতে হবে আমাকে, চিৎকার করতে হবে এবং সবকিছু নিয়ে সতর্ক থাকতে হবে।’
কোয়ার্টার ফাইনালের বাধা পার হলে ফাইনালে ওঠার পথ সহজ হয়ে যাবে আরও। টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা। সতীর্থরা এই নিয়ে উজ্জীবিত জানালেন ভারানে, ‘হ্যাঁ, আমরা এটা নিয়ে ভাবি এবং বিশ্বাস আছে। এই প্রতিযোগিতায় আমাদের অনেক অভিজ্ঞতা। কিন্তু কালকের ম্যাচ নিয়ে আগে ভাবতে হবে, তারপর পরেরটা। টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জেতা কতটা কঠিন আমরা জানি। আমরা তাই ধাপে ধাপে এগোব।’ মার্কা








