চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এক পা দিয়ে রাখা রিয়াল মাদ্রিদকে যেন চেনাই যাচ্ছিল না লেগানেসের বিপক্ষে। দ্বিতীয় সারির একটি দল নিয়ে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতল গতবারের স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
আগামী মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে স্বাগত জানাবে রিয়াল। তার আগে মূল দলের খেলোয়াড়দের ছুটি দিলেন জিনেদিন জিদান। লেগানেসের বিপক্ষে এদিন ১০টি পরিবর্তন এনেছিলেন রিয়াল কোচ। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগের কেবল কাসেমিরো ছিলেন এদিন রক্ষণে।
ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়ে আক্রমণে তার জায়গায় আনা হয়েছিল বোরহা মায়োরালকে। তার সঙ্গে ছিলেন করিম বেনজিমা ও গ্যারেথ বেল। বার্নাব্যুতে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের একাদশে থাকার দাবি যেন পারফরম্যান্স দিয়ে করলেন ওয়েলস তারকা।
মাত্র ৮ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেল। বেনজিমার শট লেগানেসের রক্ষণে লেগে ওয়েলস ফরোয়ার্ডের সামনে পড়ে বল। অ্যাক্রোবেটিক ভলিতে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে লক্ষ্যভেদ করেন বেল।
প্রথমার্ধের ইনজুরি সময়ে কোভাচিচের ক্রস থেকে গোলপোস্টের একেবারে সামনে থেকে ব্যবধান দ্বিগুণ করেন মায়োরাল।
৬৬ মিনিটে ব্রাসানাক লেগানেসের হয়ে একটি গোল শোধ দেন। কিন্তু রিয়ালের হার এড়াতে পারেনি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ১০ জনের হয়ে যাওয়া অতিথিরা।
এই জয়ে শীর্ষে থাকা বার্সার (৮৩) সঙ্গে ১২ পয়েন্টে ব্যবধান কমাল রিয়াল। আর দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের (৭২) চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট জিদানের দলের। গোল ডটকম








