বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। কাতালান ক্লাবটিই শুধু নয়, ফুটবলই ধন্য হয়েছে স্প্যানিশ মিডফিল্ডারের ছোঁয়ায়। তাই ইনিয়েস্তাকে পছন্দ না করা ‘বড় ভুল’ হিসেবে উল্লেখ করেছেন বার্সেলোনা সতীর্থ ইভান রাকিতিচ।
ফুটবলার হিসেবে মাঠে তার পারফরম্যান্স যেমন মোহিত করে ভক্তদের, তেমনি মানুষ হিসেবেও ইনিয়েস্তা চমৎকার। প্রতিপক্ষ দলের সমর্থকদেরও ভালোবাসা কুড়ান এই মিডফিল্ডার। তাই তাকে অপছন্দ করার কোনও কারণ খুঁজে পান না রাকিতিচ।
চলতি মৌসুম শেষেই ন্যু ক্যাম্পে ছেড়ে যাবেন ইনিয়েস্তা। লা মাসিয়া হয়ে বার্সেলোনা যুব দল পেরিয়ে মূল দলে খেলছেন সেই ২০০২ সাল থেকে। কাতালান ক্লাবটির ‘প্রতীক’ হয়ে উঠেছেন তিনি। তবে আর থাকতে চাইছেন না তিনি, সাফল্যের ভেলায় চড়েই বিদায় জানাতে চেয়েছেন বার্সেলোনাকে।
তার মতো অসাধারণ এক খেলোয়াড় কখনও ব্যালন ডি’অর জেতেননি বলে দুঃখপ্রকাশ করেছিল ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ কর্তৃপক্ষ। অনেকে আবার মনে করেন, নিজের শ্রেষ্ঠত্ব বোঝাতে ব্যালন ডি’অর জেতার দরকার নেই স্প্যানিশ তারকার, এমনিতেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
রাকিতিচও মনেপ্রাণে বিশ্বাস করেন, মানুষের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন ইনিয়েস্তা। বার্সেলোনা সতীর্থের প্রশংসা করতে গিয়ে ক্রোয়েট মিডফিল্ডার বলেছেন, ‘ইনিয়েস্তাকে যে পছন্দ করে না, সে ফুটবলকেও পছন্দ করে না। সত্যি বলতে, এমনটা মনে করাটা বড় ভুল হবে।’ গোল ডটকম








