গত ফেব্রুয়ারিতে ইনজুরি নিয়ে ছিটকে পড়া নেইমার এখনও মাঠের বাইরে। লিগ ওয়ানের অর্ধেক সময় মাঠে না থাকলেও দারুণ এক স্বীকৃতি পেলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। প্যারিস সেন্ত জার্মেইয়ে অভিষেক মৌসুমেই লিগ ওয়ানের সেরা হলেন নেইমার।
রবিবার পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত নেইমার। একই সঙ্গে ‘বেশ বিরক্ত’ তিনি, কারণটা রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। এই মৌসুমে ফ্রান্সের শীর্ষ ফুটবলে ২০ ম্যাচ খেলে ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট ছিল নেইমারের। লিগ ওয়ান, লিগ কাপ ও ফরাসি কাপের শিরোপা জয়ে উৎসব করতে না পারলেও ব্রাজিলিয়ান তারকা আছেন মৌসুমের সেরা একাদশে।
অ্যাওয়ার্ড হাতে নিয়ে বাতাসে ভেসে বেড়ানো খবর সম্পর্কে বেশি কিছু বলতে চাইলেন না নেইমার। এখন কেবল বিশ্বকাপ নিয়ে ভাবনা তার। তারপরের ব্যাপার পরে দেখা যাবে বললেন হতাশা ঝরানো কণ্ঠে, ‘প্রত্যেক দলবদলের সময় একই ব্যাপার হয়। ব্যক্তিগতভাবে কোনও কিছু নিয়ে কথা বলার মুহূর্ত এটা নয়। প্রত্যেকে জানে এখানে আমি কী করতে এসেছি, আমার উদ্দেশ্য কী।’
বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড আরও বলেছেন, ‘আমার এখন লক্ষ্য হলো বিশ্বকাপে খেলা, দলবদল নিয়ে কথা বলার সময় নয়। আমার সারা জীবনে প্রত্যেক দলবদলের সময় এই নিয়ে কথা হয় এবং এটা বেশ বিরক্তিকর হয়ে উঠছে।’
ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদোর কাছ থেকে প্যাভিলিয়ন ডি’আরমেনোনভিলের মঞ্চে অ্যাওয়ার্ড হাতে নেওয়ার পর পিএসজি সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নেইমার- বিশেষ করে কাইলিয়ান এমবাপে ও এদিনসন কাভানিকে।
লে পারিসিয়েন্সকে ১০ নম্বর জার্সিধারী তারকা বলেছেন, ‘আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাই এবং পুরো দলকে- আমি আপ্লুত। এই মৌসুম নিয়ে আমি খুব খুশি। এটা সম্মানের। আমার সতীর্থদের ছাড়া এই অ্যাওয়ার্ড জেতা কখনও সম্ভব হতো না। আমি কাইলিয়ান, এদিনসন ও ফ্লোরিয়ানকে (থাউভিন) অভিনন্দন জানাই। সত্যিকারের দারুণ একটা মৌসুম গেছে, প্রত্যেককে ধন্যবাদ।’
এমবাপে টানা দ্বিতীয়বার হলেন মৌসুমে সেরা তরুণ খেলোয়াড়। গতবার মোনাকোর সঙ্গে এই অ্যাওয়ার্ড জেতেন তিনি। ফরাসি তারকা পিএসজির জার্সিতে প্রথম মৌসুমে ২৮ ম্যাচে ১৩ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।
পিএসজির সতীর্থ কাভানি, মার্কো ভেরাত্তি, থিয়াগো সিলভা, দানি আলভেস, নেইমার ও মারকুইনহোসের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী এমবাপে।
মাত্র ৩ ম্যাচ এবার হেরেছে পিএসজি। ৩৭ ম্যাচে জয় এসেছে ২৯টি, ৫টি ড্র; শিরোপা পুনরুদ্ধার করায় মৌসুম সেরা কোচ হয়েছেন উনাই এমেরি। আগামী ২০ মে কাঁর বিপক্ষে খেলে লিগ ওয়ান শেষ করবে পিএসজি, ওই ম্যাচ খেলেই বিদায় নেবেন তাদের কোচ। ইএসপিএনএফসি







