বছর তিনেক আগে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান মারুফ আহমেদ। কিন্তু ফুটবল থেকে দূরে থাকতে পারেননি। নিউইয়র্কের মুনাই সকার একাডেমিতে কোচ হিসেবে কাজ করছেন তিনি। এখন বাংলাদেশে এসেছেন এএফসি ‘সি’ লাইসেন্স কোর্স করতে। তার লক্ষ্য, উয়েফা ‘এ’ লাইসেন্স। বাংলাদেশের কোচদের মধ্যে শুধু মারুফুল হকের আছে যে লাইসেন্স।
জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মারুফ আহমেদ দীর্ঘ দিন খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে। ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা মোহামেডান আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিও পরেছেন তিনি। ২০১৫ সালে অবসরের পর যুক্তরাষ্ট্রে ইয়ুথ সকারের ওপর কোর্স করে আপাতত কাজ করছেন একাডেমিতে। তবে লাইসেন্সের কারণে সুবিধা করতে পারছিলেন না।
মারুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, “যুক্তরাষ্ট্রে ফুটবলের সঙ্গেই জড়িয়ে আছি। কিন্তু উঁচু পর্যায়ে কোচিংয়ের জন্য লাইসেন্সের বিকল্প নেই। এএফসি থেকে ‘বি’ ও ‘সি’ লাইসেন্স করবো। এরপর যুক্তরাষ্ট্রে ‘এ’ লাইসেন্স করার ইচ্ছে আছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
মুনাই সকার একাডেমিতে নিজের কাজ নিয়ে মারুফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ফুটবলকে সকার বলে। নিউইয়র্কে স্কুলের বাচ্চাদের ফুটবল শেখাতে হয়। এএফসি লাইসেন্স থাকলে সেখানে কোচদের পারিশ্রমিকও বেশি হয়। তাছাড়া বায়োডাটাও সমৃদ্ধ হয়।’
কোচিংয়ে সম্মানজনক লাইসেন্স না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প তার কণ্ঠে, “আমি ভবিষ্যতে উয়েফা ‘এ’ লাইসেন্স নিতে চাই। জানি অনেক টাকা লাগবে, নিজের সেরাটা দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। তবে আমি সব কিছু করার জন্য প্রস্তুত।”







