ক্রিস্তিয়ানো রোনালদো পৌঁছেছেন তার নতুন বাড়িতে। সোমবার নতুন ক্লাবের সঙ্গে যোগ দেবেন প্রথম ট্রেনিং সেশন করতে।
রাশিয়া বিশ্বকাপ শেষে ১০ কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসের হয়েছেন রোনালদো। এখন পর্যন্ত গায়ে দেননি ক্লাবটির জার্সি। প্রাক মৌসুমের ম্যাচগুলো তার না খেলার কথা। তবে অনুশীলন করতে ঠিকই হাজির হলেন তুরিনে।
পর্তুগালের ফরোয়ার্ডের নতুন অধ্যায় শুরু হবে আগস্টের মাঝামাঝি সময়ে। ১৯ আগস্ট শিয়েভোর বিপক্ষে জুভেন্টাসের প্রথম সিরি এ ম্যাচে দেখা যেতে পারে তাকে। তার আগে আগামী শনিবার সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষে সূচি থাকলেও খেলবেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
শুধু রোনালদো নয়, বিশ্বকাপ খেলা ক্লাবের অন্য তারকারাও খেলবেন না প্রাক মৌসুমে। তবে সিরি এ’র প্রস্তুতি নিতে ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে সবাইকে।
রোনালদো ছাড়াও এদিন বিমানবন্দরে দেখা গেছে পাউলো দিবালাকে। সোমবারের অনুশীলনে আরও যোগ দেবেন দগলাস কোস্তা, রদ্রিগো বেন্তানকুর, মারিও মানজুকিচ, মার্কো পিজাচা, ব্লেইস মাতুইদিন ও গনসালো হিগুয়েইন। তাদের অনুশীলন হবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে না। গোল ডটকম






