বিশ্বকাপ ও ছুটি কাটিয়ে প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার। মৌসুম শুরুর আগে পুরনোদের সঙ্গে পেয়েছেন নতুন সতীর্থ, তাদের একজন জিয়ানলুইজি বুফন। ইতালিয়ান গোলরক্ষকের সঙ্গে তার ‘প্রথম’ সাক্ষাতের মুহূর্তটা ছিল অন্যরকম।
শুধু নতুন সতীর্থ নয়, ইনজুরি ও বিশ্বকাপ থেকে ঘুরে এসে নেইমার পেয়েছেন নতুন কোচও। উনাই এমেরি দায়িত্ব ছেড়ে দেওয়ায় পিএসজি নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে থোমাস টুখেলকে। নতুন বসের সঙ্গে প্রথম সাক্ষাৎটাও নেইমারের জন্য ছিল বিশেষ। প্রাক মৌসুম প্রস্তুতিতে ফরাসি ক্লাবটি এখন চীনে। বিশ্বকাপ ও অবকাশ যাপন শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি এশিয়ার দেশটিতে।
বিশ্বকাপের সময়টা একেবারেই ভালো কাটেনি নেইমারের। সমালোচনাই বেশি শুনতে হয়েছে তাকে। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে যাওয়ার অনেক আগে থেকেই ব্রাজিলিয়ান তারকা ছিলেন দলের বাইরে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নেইমার ছিলেন প্যারিসের ক্লাবটির বাইরে। অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর অস্ত্রোপচারে গোটা মৌসুমই শেষ হয়ে যায় তার।
লম্বা বিরতি দিয়ে আবার ফিরলেন তিনি পিএসজিতে। চীনে নেমেই চলে যান দলের ক্যাম্পে। সেখানে পুরনো সতীর্থদের পাশাপাশি দেখা হয়েছে তার নতুন কোচ ও নতুন সতীর্থের সঙ্গে। কোচ টুখেল দলের সেরা অস্ত্রকে স্বাগত জানান জড়িয়ে ধরে। নেইমারের ফিরে আসাটা যে কতটা স্বস্তির তার জন্য, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল তার চোখেমুখে ফুটে ওঠা তৃপ্তির ঝলকে।
কোচের মতো সতীর্থ হিসেবে প্রথমবার দেখা হয় বুফনের সঙ্গে। জুভেন্টাস থেকে গ্রীষ্মের দলবদলে পিএসজিতে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। হাত মিলিয়ে দুজন দুজনকে স্বাগত জানান। তারপরই শুরু হয় তাদের রসিকতা। বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা থিয়াগো সিলভার সঙ্গেও চমৎকার কিছু সময় কাটিয়েছেন নেইমার। ডেইলি মেইল







