ইংল্যান্ড যে কতটা কঠিন জায়গা সেটা ভালো করে জানা পেপ গার্দিওলার। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে ‘স্বর্ণযুগ’ পার করার পর ২০১৬ সালে ম্যানসিটিতে আসেন তিনি। কিন্তু প্রথম লিগ শিরোপা জিততে লেগে গেছে দুটি বছর। এত কঠিন চ্যালেঞ্জের মুখে আগে যে কখনও পড়েননি স্প্যানিশ কোচ। আর তাই চেলসির দায়িত্ব নেওয়ার আগে মাউরিজিও সারিকে সতর্ক করেছিলেন গার্দিওলা।
২০১৭ সালের সিরি এ’র বর্ষসেরা কোচ সারি। বারবার স্বাক্ষর রেখেছেন উন্নতির। এম্পোলিকে ইতালির শীর্ষ লিগে তুলে দেওয়ার পর নাপোলিকে দুই বছর আগে পয়েন্ট টেবিলের তিনে নিয়েছিলেন, আর গত বছর জুভেন্টাসের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে হয়েছে রানার্স আপ।
ইতালির এই পেশাদার কোচ এবার নতুন অধ্যায় শুরু করবেন চেলসিতে। একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবে যোগ দেওয়ার আগে গার্দিওলার সঙ্গে আলোচনা করেছেন সারি। সেই আলোচনায় স্প্যানিশ কোচ তাকে প্রিমিয়ার লিগের মান নিয়ে সতর্ক করেছিলেন জানান আন্তোনিও কন্তের উত্তরসূরি।
রবিবার কমিউনিটি শিল্ডে ম্যানসিটির বিপক্ষে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ শুরু করবেন সারি। তার আগে প্রতিপক্ষ কোচের সঙ্গে আলোচনার কথা জানান ৫৯ বছর বয়সী এই কোচ। তিনি বলেছেন, ‘গার্দিওলা আমাকে বলেছিল ইংল্যান্ড খুব কঠিন জায়গা। এখানে খেলার স্তর খুব উঁচু। প্রথম মৌসুমে তার কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সে বলেছে, ফুটবল সব জায়গায় ফুটবল।’
সারি আরও জানান, বার্সা ও বায়ার্নের সাবেক কোচ তাকে এই চ্যালেঞ্জ নিতে বলেছিলেন, ‘সে বলেছিল- ইংল্যান্ডে আসো। এই মুহূর্তে প্রত্যেক কোচ ইংল্যান্ডে কাজ করতে চায়। বিশ্বের সেরা লিগ হলো প্রিমিয়ার লিগ। আমি এখানে আসতে পেরে খুব সৌভাগ্যবান।’ গোল ডটকম








