আগেই সিদ্ধান্ত ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার বিপনণ স্বত্ব দেওয়া হবে কে-স্পোর্টসকে। বৃহস্পতিবার বাফুফে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে সেরে নিলো চুক্তি।
আগামী ১ থেকে ১২ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসর হবে ঢাকা ও সিলেটে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন নেপাল, ফিলিস্তিন ও ফিলিপাইন অংশ নিচ্ছে প্রতিযোগিতাটিতে। বাকি দুই দেশ নিশ্চিত হবে শিগগিরই।
কে-স্পোর্টস বঙ্গবন্ধু গোল্ডকাপের পুরো খরচই শুধু দিবে না, বাড়তি এক কোটি টাকা বাফুফেকে প্রদান করবে তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শুরুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর করতে পেরে আমরা খুশি। অন্যান্য দেশের সঙ্গে সূচি মিলিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা এখন কঠিন। তারপরও আমরা এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পাঁচটি দেশকে আনার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সঙ্গে এই আসরে থাকছে কে-স্পোর্টস।’
কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম বঙ্গবন্ধু গোল্ডকাপে থাকতে পেরে আনন্দিত, ‘আমাদের বঙ্গবন্ধু গোল্ডকাপে সুযোগ করে দেওয়ার জন্য বাফুফেকে ধন্যবাদ। আমরা এই আসরে থাকতে পেরে গর্বিত। এমন শীর্ষ কোনও প্রতিযোগিতায় থাকতে পেরে আমরা খুশি।’








