দলবদলের শেষ সপ্তাহে গুঞ্জন চলছে- বার্সেলোনা থেকে ইভান রাকিতিচকে কিনতে ৯ কোটি ইউরো প্রস্তাব করেছে প্যারিস সেন্ত জার্মেই। এই প্রস্তাবে তাকে যেন ছেড়ে না দেওয়া হয়, সেজন্য বার্সার উধ্বর্তন কর্মকর্তাদের সতর্ক করেছেন কোচ এর্নেস্তো ভালভারদে।
আন্দ্রেস ইনিয়েস্তা ও পাউলিনিয়ো চলে যাওয়ার পর বার্সার মাঝমাঠে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তার মধ্যে আবার রাকিতিচকে নিয়ে চলছে গুঞ্জন। বিশ্বকাপের এই তারকাকে ‘মুখ্য’ খেলোয়াড়ের আখ্যা দিয়ে ভালভারদে জানান, ৩০ বছর বয়সী এ মিডফিল্ডারকে রেখে দেওয়া উচিত বার্সার।
অবশ্য রাকিতিচ চলে যেতে চাইলে কিছুই করার থাকবে না বার্সার। কারণ ক্লাবের অ্যাকাডেমি থেকে উঠে আসা সার্জি রবের্তোর সঙ্গে মাঝমাঠে এসেছেন আর্থার মেলো ও আর্তুরো ভিদাল। তাদের কাছে জায়গা হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে ক্রোয়েট মিডফিল্ডারের। অবশ্য ভালভারদে তাকে দলের সবচেয়ে মূল্যবান সম্পদ বলেছেন।
রাকিতিচকে ধরে রাখতে আশাবাদী বার্সা কোচ, ‘ইভান আমাদের ক্লাবের জন্য একজন মুখ্য খেলোয়াড়। আমরা তাকে গণনায় রাখছি, নিশ্চিতভাবে। আমি সেরা খেলোয়াড়দের চাই এই মৌসুমের জন্য এবং রাকিতিচ অন্যতম সেরা। সে জানে আমরা কীভাবে খেলি এবং ক্লাবের প্রতি সে পুরোপুরি দায়বদ্ধ। নিশ্চয় সে আমার ভাবনায় আছে। আমি আশা করি সে এখানে থাকবে, এনিয়ে কোনও সন্দেহ নেই।’ গোল ডটকম, ইএসপিএনএফসি







