একটুর জন্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় লিভারপুলের। নতুন মৌসুমের নতুন মিশনে ইংলিশ ক্লাবটি পড়তে যাচ্ছে কঠিন পরীক্ষার সামনে, ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ প্যারিস সেন্ত জার্মেই, নাপোলি ও রেড স্টার বেলগ্রেড।
ক্লপ তাই বেশ সতর্ক। এমনকি এই গ্রুপে ফেভারিট মানছেন তিনি পিএসজি ও নাপোলিকে। বৃহস্পতিবার গ্রুপ পর্বের ড্রয়ের পর অলরেডস কোচ বলেছেন, ‘নিশ্চিত করেই বলতে পারি কথাটা। যখন আপনি প্যারিস সেন্ত জার্মেই ও নাপোলির মতো সেরা দলগুলোর সঙ্গে একই গ্রুপে পড়ে গেছেন, তখন তো আপনি লিভারপুলকে তৃতীয় দল হিসেবেই বিবেচনা করবেন!’
প্রতিপক্ষদের ভীষণ সমীহ করছেন ক্লপ, তাই গ্রুপ নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না তিনি। কারণ ভাবতে গেলেই মনে হবে, ‘আমরা বিদায় নিয়ে ফেলেছি। যদি চিন্তা করি গ্রুপ কতটা কঠিন, তাহলে খেলার আগেই ছিটকে যাব।’
কার্লো আনচেলত্তির নাপোলির বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতিতে মুখোমুখি হয়েছিল লিভারপুল। ওই ম্যাচে ৫-০ গোলে ইতালিয়ান ক্লাবটিকে উড়িয়ে দেওয়ার পরও তাদের নিয়ে খুব সতর্ক ক্লপ। আর তারকার হাট পিএসজিকে তো শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে মনে করছেন তিনি।
বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচের বক্তব্য, ‘সত্যি বলতে কোনোভাবেই এই ধরনের গ্রুপে থাকতে চাইনি আমি। পিএসজি বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর দল এবং তারা চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তাই ওদের বিপক্ষে কঠিন দুটো ম্যাচ (হোম ও অ্যাওয়ে) অপেক্ষা করছে।’
নাপোলিকে নিয়ে ক্লপের বললেন, ‘প্রাক মৌসুম প্রস্তুতিতে আমরা নাপোলিকে হারিয়েছিলাম। তবে সামনে সম্পূর্ণ আলাদা দুটো ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য। ডর্টমুন্ডে থাকার সময় আমি নাপোলিতে গিয়েছিলাম, তাই ওখানকার পরিবেশ সম্পর্কে আমার জানা আছে।’ ইএসপিএনএফসি








