ইউরোপের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার দৌড়ে এবারও আছেন কাইলিয়ান এমবাপে। গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার।
গত বছর মোনাকো ও পিএসজিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথমবার গোল্ডেন বয় হয়েছিলেন এমবাপে। এবার ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে পুরস্কারটি নিজের কাছে রেখে দেওয়ার সম্ভাবনা জাগাচ্ছেন ১৯ বছরের এ স্ট্রাইকার।
ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড দুটি গোল্ডেন বয় জয়ের হাতছানি এমবাপের সামনে। ২০০৩ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার কেউই জেতেনি দুইবার।
রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের সঙ্গে এই পুরস্কারের জন্য লড়বেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান পুলিসিচ ও টিমোথি উইয়াহ। ৮০ জনের প্রাথমিক দলে না থাকলেও পিএসজিতে দারুণ শুরুর পর এই তালিকায় জায়গা পেয়েছেন উইয়াহ। বরুশিয়া ডর্টমুন্ডে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন পুলিসিচ।
ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফিল ফডেন আছেন ৬০ জনের সংক্ষিপ্ত তালিকায়। গত বছর ইংল্যান্ডকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখেন তিনি। লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও এভারটনের টম ডেভিস লড়বেন গোল্ডেন বল হতে।
প্রথমবার এই পুরস্কার জেতেন রাফায়েল ফন ডার ভার্ট। তারপর থেকে ইউরোপের সেরা তরুণ খেলোয়াড়ের এই তালিকা সমৃদ্ধ করেছেন ওয়েন রুনি, লিওনেল মেসি, সের্হিয়ো আগুয়েরো, পল পগবা ও রহিম স্টারলিংয়ের মতো তারকারা। গোল ডটকম, ইএসপিএনএফসি







