ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন জুভেন্টাসে। গ্রীষ্মের দলবদলে বড় মাপের কোনও খেলোয়াড়কেও দলে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। যদিও দলটির কোচ জুলেন লোপেতেগি রিয়ালের এই স্কোয়াড নিয়েই সন্তুষ্ট।
১০০ মিলিয়ন ইউরোতে গ্রীষ্মের দলবদলে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। ৯ বছর ধরে মাদ্রিদের ক্লাবটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পর্তুগিজ যুবরাজের চলে যাওয়াটা নিশ্চিতভাবেই রিয়ালের জন্য বড় ধাক্কা। কাতালান এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে সেটাই মনে করিয়ে দিয়েছে লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকর রোনালদোবিহীন রিয়ালকে ‘দুর্বল’ উল্লেখ করে চ্যাম্পিয়নস লিগ জয়ে ফেভারিট হিসেবে উপস্থাপন করেছেন জুভেন্টাসকে।
যদিও রোনালদোকে ছাড়াই দল নিয়ে খুশি লোপেতেগি। এক সংবাদমাধ্যমকে রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নিয়ে আমার সামান্যতম সন্দেহ নেই। আমরা দারুণ কাজ করছি, যদিও মাত্রই শুরু হলো (মৌসুম)। চ্যাম্পিয়নস লিগের আগে এখনও তিন সপ্তাহ হাতে আছে।’
গত মৌসুমে রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতলেও লা লিগা ও কোপা দে রে’তে ছিল ব্যর্থ। এবার তাই সবকিছু জিততে চান ‘লস ব্লাঙ্কোদের’ নতুন কোচ, ‘আমাদের লক্ষ্য এবারের মৌসুমে সবকিছু জয় করা। লিগে আপনাকে সবসময় ফর্মে থাকতে হবে, আর তারই পুরস্কার হিসেবে জেতা যায় শিরোপা। তবে আমরা শুধু লিগ নয়, সব জিততে চাই।’
রোনালদোর চলে যাওয়া প্রসঙ্গে লোপেতেগি বলেছেন, ‘তার (রোনালদো) সঙ্গে আমার কোনও কথা হয়নি। পরিস্থিতিটা এমন ছিল যে, সে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল চলে যাওয়ার।’ পাঁচবারের ব্যালন ডি’অর চলে গেলেও দল নিয়ে সন্তুষ্টি ঝরল তার কণ্ঠে, ‘প্রথম থেকেই আমি বলে এসেছি (আমার কী ধরনের খেলোয়াড় দরকার)। আমার মতে এই স্কোয়াডটা দুর্দান্ত। মাঠের সব পজিশনের খেলোয়াড়রা সবাই ভালো মানের এবং তারা শিরোপা জেতার ক্ষমতা রাখে।’ গোল ডটকম








