ইংলিশ প্রিমিয়ার লিগে অষ্টম ম্যাচে মুখোমুখি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যানফিল্ড স্টেডিয়ামে রবিবারের এই ম্যাচকে সম্ভাব্য ‘শিরোপা নির্ধারক’ মানছেন ম্যানসিটির মিডফিল্ডার ইকে গুন্দোগান।
জার্মান ফুটবলারের মতে, লিভারপুলের মাঠে সবচেয়ে কঠিন পরীক্ষা দেবে ম্যানসিটি। এমন অগ্নিপরীক্ষা আর সামনে দিতে হবে না মনে করেন গুন্দোগান।
৭ ম্যাচ শেষে দুই দলই সমান ১৯ পয়েন্ট, তবে গোল গড়ে লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে ম্যানসিটি। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ৭ ম্যাচ অপরাজিত থাকা সিটিজেনদের লক্ষ্য, অ্যানফিল্ডে ১৫ বছরের জয়খরা কাটানো। আর এই বছর তো মার্সিসাইড ক্লাবটির কাছে তিন ম্যাচের সবগুলো হেরেছে তারা।
হ্যামস্ট্রিং চোটে এই ম্যাচে শঙ্কায় থাকা গুন্দোগান তাই মনে করেন, ইয়ুর্গেন ক্লপের দল তাদের মাঠে অপ্রতিরোধ্য। ২৭ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘এটা খুব কঠিন। সম্ভবত প্রিমিয়ার লিগের এই মৌসুমে সবচেয়ে কঠিন অ্যাওয়ে ম্যাচ হতে যাচ্ছে।’
একে তো মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচ, তার ওপর সাবেক কোচের বিপক্ষে মাঠে নামার সুযোগ। বরুশিয়া ডর্টমুন্ডে ক্লপের অধীনে চারটি মৌসুম খেলা গুন্দোগান এই সুযোগ হাতছাড়া করতে চান না, ‘এই ধরনের ম্যাচে খেলার চেয়ে ভালো কিছু আর হয় না। তার (ক্লপ) সঙ্গে সাক্ষাৎ হওয়া সবসময় বিশেষ কিছু, এটা দারুণ ব্যাপার।’ গোল ডটকম








