গতবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন নেপাল ছিটকে গেল গ্রুপ পর্ব থেকেই। তাজিকিস্তানের পর শনিবার গ্রুপের শেষ ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরে গেল হিমালয়ের দেশটি। তাদের ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ফিলিস্তিনিরা।
সিলেট জেলা স্টেডিয়ামে গ্রুপের এই ম্যাচ শেষে চূড়ান্ত হলো সেমিফাইনালের সূচি। আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। আগের দিন ‘এ’ গ্রুপের রানার্সআপ তাজিকিস্তানের বিপক্ষে খেলবে ‘বি’ গ্রুপ সেরা ফিলিপাইন। দুটি ম্যাচই হবে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্টেডিয়ামে।
সিলেট জেলা স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ফিলিস্তিন আধিপত্য বিস্তার করে খেলেছে। একাধিক গোলের সম্ভাবনা জাগায় তারা। কিন্তু নেপালের গোলরক্ষক বিকেশ কুথু ছিলেন গোলবারের নিচে দুর্বার। প্রথমার্ধের ১৩ মিনিটে প্রথম সুযোগ আসে ফিলিস্তিনের। হেলাল মুসার কর্নার থেকে সামেহ মারাবার হেড সাইড ক্রসবারের উপর দিয়ে যায়।
২ মিনিট পর হেলাল মুসার জোরালো শট কর্নারের বিনিময়ে রুখে দেন গোলরক্ষক বিকেশ। প্রথমার্ধে আক্রমণ গড়েও গোল পায়নি ফিলিস্তিন।
বিরতির পর একই ধারায় খেলে ৬৯ মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। বাঁ প্রান্ত থেকে আব্দুল্লাহ জাহেরের ক্রসে খালেদ সালেমের জোরালো হেড লক্ষ্যভেদ হয়। তার আগে ৫৮ মিনিটে আব্দুল্লাহ জাহেরের ফ্রি কিক থেকে তামের সালাহর হেড বিকেশ রুখে না দিলে তখনই গোল হতে পারতো।
ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি ফিলিস্তিন। ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে হেলাল মুসার জোরালো শট গোলকিপার লাফিয়ে রুখে দেন। শেষ পর্যন্ত ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।








