বিশ্বের প্রায় সব খেলোয়াড় ও কোচের ইচ্ছা থাকে লিওনেল মেসি কিংবা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে কাজ করার। তবে এই দলে নেই এসি মিলান কোচ গাতুসো। সময়ের সেরা দুই খেলোয়াড়কে বাদ দিয়ে লুকা মদরিকচকে দলে পাওয়ার ইচ্ছা তার।
রাশিয়া বিশ্বকাপকে আলোকিত করেছেন মদরিচ। তার ফুটবল তো ছিলই, সঙ্গে হাল ছেড়ে না দেওয়ার চরম প্রচেষ্টা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারকে করেছে আরও বেশি আকর্ষণীয়। বিশ্বের কোটি ভক্তের সঙ্গে তিনি মন কেড়েছেন এসি মিলান কোচ গাতুসোরও। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রোয়েট তারকার প্রতি এতটাই বুঁদ হয়ে আছেন যে, মেসি ও রোনালদো থেকেও এগিয়ে রাখছেন তাকে।
বিশ্বের অনেক নামি কোচও অকপটে স্বীকার করেছেন মেসি কিংবা রোনালদোর সঙ্গে কাজ করার কথা। তবে গাতুসো শোনালেন অন্যরকম বাণী। উয়েফা ডটকমকে তিনি বলেছেন, ‘প্রত্যেকেই ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির সঙ্গে খেলতে চায়, তবে আমি চাই মদরিচের সঙ্গে খেলতে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমার মতে মদরিচ দুর্দান্ত এক খেলোয়াড়। সেটা যেমন তার ফুটবল বোঝার কারণে, তেমনি তার খেলার কারণে।’
এসি মিলান কোচের মদরিচ প্রীতিকে অন্য দৃষ্টিতে দেখছে ইউরোপিয়ান সংবাদমাধ্যম। রিয়াল মাদ্রিদ থেকে ক্রোয়েট মিডফিল্ডারের চলে যাওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটা আরও একটু ভিত পেল গাতুসোর বক্তব্যে। এর আগেও ইতালিয়ান লিগে যাওয়ার আলোচনা শোনা গিয়েছিল মদরিচকে ঘিরে। বিশ্বকাপের পর ইন্টার মিলানের সঙ্গে তার নাম মিলিয়ে অনেক খবরই ছাপা হয়েছিল ইউরোপিয়ান মিডিয়ায়। মার্কা







