২০১৮ সালের শেষ প্রীতি ম্যাচে ব্রাজিল খেলবে ক্যামেরুনের বিপক্ষে। ২০ নভেম্বর লন্ডনে আফ্রিকান প্রতিপক্ষকে মোকাবিলা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে। স্বাগতিক ব্রাজিল ওই ম্যাচে ৪-১ গোলে ক্যামেরুনকে উড়িয়ে দিয়েছিল। নেইমার করেছিলেন জোড়া গোল।
ক্যামেরুনের মুখোমুখি হওয়ার আগে ১৬ নভেম্বর লন্ডনে উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এই দুটি প্রীতি ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করবেন কোচ তিতে।
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর চারটি প্রীতিম ম্যাচের সবগুলো জিতেছে ব্রাজিল। তাদের শিকার হয়েছে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব ও আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচগুলো ব্রাজিলের আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। একে ২০১৯ সালের কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দেখছে তারা। ইএসপিএনএফসি







