ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতবারের রানার্স-আপরা ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে না উঠলেও একটা সময় পর্যন্ত ভালোই লড়াই করেছে রহমতগঞ্জ। ৩৫ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মাঝমাঠ থেকে আসা লং পাস আলতো টোকায় এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহ।
প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৭ মিনিটে সমতায় ফিরেছে রহমতগঞ্জ। অধিনায়ক ফয়সাল আহমেদের পাস চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন বদলি মিডফিল্ডার রকিবুল ইসলাম।
৬২ মিনিটে একটুর জন্য গোল পায়নি চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওয়ালার ফ্রি-কিক ফিরে আসে ক্রসবারে লেগে।
তবে ১০ মিনিট পর চট্টগ্রামের দলটিকে হতাশ হতে হয়নি। মোমোদুর কাট ব্যাক ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করেন মাগালান।
৭৬ মিনিটে মোনায়েম খান রাজুর কর্নার থেকে হেড করে চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ডিফেন্ডার মুফতা লাওয়াল।







