এএফসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে মনিকার চাকমার হ্যাটট্রিকে বাংলাদেশ বড় জয় পেয়েছে। রবিবার স্বাগতিক তাজিকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
কিন্তু এই বড় জয়ে সান্ত্বনা ছাড়া আর কোনও প্রাপ্তি নেই বাংলাদেশের। কারণ আগের দুটি ম্যাচে হেরে বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হারের পর চাইনিজ তাইপের কাছে হেরে যায় তারা ২-০ গোলে।
গ্রুপের তৃতীয় ম্যাচ খেলতে নেমে দুশানবের রিপাবলিকান স্টেডিয়ামে শুরু থেকে ছিল বাংলাদেশের আধিপত্য। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে সুযোগ করে নেওয়া কৃষ্ণা রানী সরকার প্রথম গোল করেন ৮ মিনিটে।
প্রথমার্ধে জোড়া গোল করেন মনিকা। ২৬ ও ৪২ মিনিটে ৩-০ তে দলকে এগিয়ে দেন বাংলাদেশের এই মিডফিল্ডার। যদিও বিরতিতে যাওয়া এক মিনিট আগে তাজিকিস্তান একটি গোল শোধ দেয়।
বিরতির পর বাংলাদেশ আবারও আগের মতোই দুরন্ত। দুটি গোল এসেছে শেষ ৪৫ মিনিটে। আক্রমণ গড়ে ৫৭ মিনিটে ৪-১ গোলে দলকে এগিয়ে দেন শামসুন্নাহার সিনিয়র। আর ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিকের স্বাদ পান মনিকা।








