ওয়েটার সেজে রোনালদোর সঙ্গে বার্সেলোনার চুক্তি

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ২২:৫২আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:৫২

বার্সেলোনার জার্সিতে রোনালদো ততদিনে ফুটবল বিশ্বে ছাপ ফেলে দিয়েছেন রোনালদো। মাত্র ১৭ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নের মেডেল গলায় জড়িয়ে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের জার্সিতে মাঠ মাতাচ্ছিলেন তিনি উজ্জ্বল আলো হয়ে। ব্রাজিলিয়ান তারকার ওপর চোখ পড়লো বার্সেলোনার, দলেও নিয়ে এলো। যদিও সেই দলবদলে নাটকীয়তার কমতি ছিল না। এতটাই যে, বার্সার তখনকার ভাইস-প্রেসিডেন্টকে ছদ্মবেশ পর্যন্ত নিতে হয়েছিল!

ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’ তরুণ রোনালদোর ন্যু ক্যাম্পে যাওয়ার সেই ঘটনা উন্মোচন করেছে বুধবার। ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার যখন বার্সেলোনায় নাম লেখান, বয়স তখন ১৯ বছর। ওই সময়েই তার মধ্যে আগামীর সম্ভাবনা দেখতে পেয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু ‘দুই নৌকায় পা’ দেওয়ায়  প্রায় হাতছাড়াই হয়ে যাচ্ছিলেন ‘দ্য ফেনোমেনন’। শেষ পর্যন্ত বার্সেলোনার তখনকার ভাইস প্রেসিডেন্ট জোয়ান গাসপার্তের ওয়েটারের ছদ্মবেশী রূপে ন্যু ক্যাম্পে আনা গিয়েছিল রোনালদোকে।

পিএসভিকে কাটানো দুই বছরে তরুণ রোনালদো ঝরিয়েছিলেন গোলের বৃষ্টি। ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতার পর ডাচ ক্লাবটিতে কাটানো সময়ে ৫৭ ম্যাচে করেছিলেন ৫৪ গোল। তরুণ রোনালদোকে মনে ধরেছিল তখনকার বার্সা কোচ স্যার ববি রবসনের। কাতালান কর্তৃপক্ষকে তার আগ্রহের কথা জানিয়েওছিলেন এই ইংলিশ কিংবদন্তি।

‘সে (রোনালদো) তখন মাত্র ১৯ বছর বয়সী। আমি বার্সেলোনাকে বলেছিলাম, আমাদের অবশ্যই তাকে সই করানো উচিত। তাতে আমরা শুধু চমৎকার একজন খেলোয়াড়ই পাচ্ছি না, বরং ভবিষ্যতের জন্য দারুণ একজন খেলোয়াড়কে পাবো।’- ‘বার্সা: আ পিপলস প্যাশন’ বইয়ে ছাপা হয়েছে তার এই উদ্ধৃতি।

কিন্তু রোনালদোর দলবদলে জটিলতা তৈরি হওয়ার পেছনে কিছুটা হলেও দায়ী হবেন রবসন। কারণ রোনালদোর চেয়ে অ্যালান শিয়েরারের দিকে বেশি মনোযোগী ছিলেন তিনি। বার্সা কর্তৃপক্ষও ইংলিশ স্ট্রাইকারের দিকে বেশি চেষ্টা চালিয়েছিল। ২০০৯ সালে পৃথিবী ছেড়ে যাওয়া রবসন যেটা স্বীকারও করেছিলেন ‘ফোরফোরটু’তে দেওয়া সাক্ষাৎকারে, ‘মিথ্যা বলব না, আমি ইংলিশ খেলোয়াড় কেনায় মুখিয়ে ছিলাম। আর অ্যালান শিয়েরারকে বার্সেলোনায় আনার প্রায় কাছাকাছি চলেও গিয়েছিলাম।’

কিন্তু ইংলিশ স্ট্রাইকারকে না পাওয়াতেই রোনালদোর দিকে ঝোঁকে বার্সেলোনা। রবসন সেটা নিশ্চিতও করেছিলেন, ‘আমি শিয়েরারকে বলেছিলাম, সে আমাকে বিশ্বাস করতে পারে। কিন্তু সপ্তাহ খানেক পর শিয়েরার নিউক্যাসলে যোগ দেয়! তারপরই আমরা রোনালদোর দিকে অগ্রসর হই।’

রবসনের ওই বক্তব্যে রোনালদোকে দলে ভিড়ানোর ঘটনা ‘খুব সহজ’ মনে হলেও আসলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বার্সেলোনাকে। শিয়েরারের দিকে মনোযোগ রাখায় রোনালদোকে পাওয়া তখন কঠিন হয়ে দাঁড়ায় তাদের। তখনকার বার্সেলোনা সভাপতি জোসেপ নুনেসের ‘ডান হাত’ ও পরবর্তীতে কাতালানদের সভাপতি হওয়া জোয়ান গাসপার্ত কঠিন চ্যালেঞ্জ জিতে ঘরে তুলেছিলেন ব্রাজিলিয়ান তারকাকে।

‘গোল ডটকম’-এর কাছে রোনালদোর দলবদলের ঘটনা বর্ণনা করেছেন গাসপার্ত। যেখানে নাটকীয় সব তথ্যই বেরিয়ে এসেছে। গাসপার্ত বলেছেন, ‘এই স্বাক্ষরের জন্য আমাকে ছদ্মবেশ পর্যন্ত নিতে হয়েছিল। পিএসভির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু সেখানে ছোট্ট একটা সমস্যা ছিল, আর সেটা হলো ১৫ জুলাইয়ের আগে রোনালদোর কাছ থেকে স্বাক্ষর নিতে হতো। কারণ ওই সময় পর পিএসভির সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত।’

সেটাতেই জন্ম নাটকের। পিএসভি ততক্ষণে বুঝতে পেরেছে বার্সেলোনার চাহিদা কতটা। তাছাড়া ভবিষ্যতের তারকাকে হারালেও চাইছিল না। এজন্য এমনকি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) ডাচ ক্লাব অনুরোধও করেছিল, যাতে বার্সেলোনার সঙ্গে রোনালদো চুক্তি করতে না পারে!

জটিল এই অবস্থায় গাসপার্ত উড়ে যান ব্রাজিলে। কিন্তু সেখানে গিয়ে রোনোলদোর সঙ্গে তার দেখার করার সুযোগ ছিল না। কেন? শুনুন গাসপার্তের মুখেই, “দুজন নিরাপত্তারক্ষী ছিল, যারা আমাকে রোনালদো কিংবা অন্য কোনও খেলোয়াড়ের সঙ্গে দেখা করতে দিচ্ছিল না। ওই সময় এক স্প্যানিশ ওয়েটারের সঙ্গে আমার পরিচয় হয়, সে আমাকে তার ইউনিফর্ম খুলে একটা ট্রে ও কোকা-কোলা দেয়। আমি ছদ্মবেশ নিয়ে নিরাপত্তারক্ষীদের ‘হ্যালো’ বলে জানাই, একজন অতিথি কোমল পানীয় চেয়েছেন। ওই সময়ই আমি তাদেরকে পেরিয়ে ভেতরে যেতে পেরেছিলাম।”

তারপরের ঘটনাটা এমন, ‘রোনালদোর দরজায় টোকা মারলে সে নিজেই দরজা খুলে দেয়। এরপর তখনই বেডের ওপর চুক্তিপত্রে স্বাক্ষর করে সে।’

এত নাটকীয় চুক্তি টিকেছিল অবশ্য মাত্র এক বছর। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে আলোকিত পারফরম্যান্সে কাতালানদের জার্সিতে ৪৯ ম্যাচে ৪৭ গোল করে যান ‘দ্য ফেনোমেনন’। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী