চ্যাম্পিয়ন বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও রিয়াল বেতিসের পর কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার ড্রয়ে চূড়ান্ত হবে কে কার প্রতিপক্ষ। তাতে শেষ চারে মুখোমুখি হয়ে যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সা। এমনটা হলে প্রস্তুত আছেন বললেন মাদ্রিদ ক্লাব কোচ সান্তিয়াগো সোলারি।
করিম বেনজিমার জোড়া গোলে শেষ আটের দ্বিতীয় লেগে জিরোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। দুই লেগের অগ্রগামিতায় ৭-৩ গোলে তারা উঠেছে সেমিফাইনালে। দারুণ জয়ের পর সোলারিকে শুনতে হলো বার্সেলোনার সঙ্গে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন।
শেষ চারের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘সেমিফাইনালে আমরা সেরা চার দল। দুটি লেগই হবে হবে সুন্দর ও কঠিন। আমরা কাকে পাব সেটা জানতে উন্মুখ হয়ে আছি, কালই (শুক্রবার) জানতে পারবো। সবকিছু জিততে চাইলে যে কোনও কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। দলে এমন সব খেলোয়াড় দরকার যারা এমন মানসিকতার, আমরা তেমনই পেয়েছি।’
কোয়ার্টার ফাইনালে দলের পারফরম্যান্স নিয়ে সোলারির মূল্যায়ন, ‘আমরা দুই লেগে খুব ভালো খেলেছি। কিন্তু পরের ম্যাচে হবে নতুন লড়াই, একইভাবে খেলতে হবে আমাদের। এই খেলোয়াড়রা অসাধারণ যারা মাদ্রিদ ভক্তদের আনন্দ দেয়।’







