রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার রাতে মৌসুম একরকম শেষই হয়ে গেছে ভিনিসিয়াস জুনিয়রের। একেবারে শেষ দিকে ফেরার সামান্য সম্ভাবনা হয়তো আছে তার, কিন্তু চোট ব্রাজিলের জার্সি গায়ে জড়ানোর পথটা লম্বা করে দিলো। জাতীয় দলে ডাক পেয়েও তার খেলা হচ্ছে এ মাসের প্রীতি ম্যাচে।
২৩ মার্চ পর্তুগালের এস্তাদিও দো দ্রাগাও’তে পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর তিন দিন পর ২৬ মার্চ প্রাগে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। এই প্রীতি ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে ব্রাজিল কোচ তিতে রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে। কিন্তু আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে চোট পেয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরোয়ার্ড।
ডান পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে খবরটি। এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই মাসের মতো সময় লাগে। তাই চলতি মৌসুম একরকম শেষই হয়ে গেছে ব্রাজিলিয়ান তরুণের। মঙ্গলবার রাতে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার আগে রিয়াল ৩৫ মিনিটে ধাক্কা খায় ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে।
২৩ মার্চ পানামার বিপক্ষে এ মাসের আন্তর্জাতিক সূচির প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। দুই মাসের জন্য ছিটকে যাওয়া ভিনিসিয়ার এবারের সুযোগটা কাজে লাগাতে পারলেন না। মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেও চোট বাধা হয়ে দাঁড়ালো। তবে কোপা আমেরিকায় ব্রাজিল দলে থাকার দাবি তিনি জানিয়ে রেখেছেন রিয়ালের জার্সিতে নজর কেড়ে। গোল ডটকম







