ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে প্যারিস সেন্ত জার্মেই। প্রথম লেগ জেতার পরও অঘটনের শিকার হওয়া ফরাসি ক্লাবটির অধিনায়ক থিয়াগো সিলভা মানতে পারছেন না কিছুতেই। এই হারের ব্যাখ্যা দেওয়া তার কাছে ভীষণ কঠিন।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজি ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে নেমেছিল ম্যানইউয়ের বিপক্ষে। ওল্ড ট্র্যাফোর্ড থেকে প্রথম লেগে ২-০ গোলে জিতে ফেরায় কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল প্যারিসের ক্লাবটি। ঘরের মাঠে সুবিধাজনক জায়গায় থেকে নামলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যানইউ ম্যাচটি জিতে নেয় ৩-১ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে স্কোর ৩-৩ হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল দেওয়ার সুবিধা নিয়ে শেষ আটে জায়গা করে নেয় ইংলিশ ক্লাব।
হতাশাজনক হারে ভেঙে পড়েছেন সিলভা। শেষ ষোলো থেকে বিদায় নিয়ে কী বলবেন, বুঝে উঠতে পারছিলেন না। মুখ দিয়ে কথা বের করাটাই তার জন্য হয়ে পড়ে কঠিন। ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ত’কে তিনি বলেছেন, ‘কথা বলাটা ভীষণ কঠিন। এটা লজ্জাকর ব্যাপার। আমরা খুব ভালো খেলেছি, কিন্তু ম্যাচের আগে যেমনটা আলোচনা হয়েছিল, সেভাবে কাজ করতে পারিনি।’
ভক্তদের কাছে ক্ষমাও চাইছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘আমরা খুব ভালোভাবেই এগোচ্ছিলাম, কিন্তু আবারও থেমে যেতে হলো। এটাই ফুটবল। কোনও কিছুই কাজে আসেনি। ভক্তদের কাছে ক্ষমা চাইছি আমরা।’ ইনজুরি টাইমে ভিএআর-এ পাওয়া ম্যানইউয়ের পেনাল্টি নিয়ে সিলভার বক্তব্য, ‘শেষ মুহূর্তে পেনাল্টি, আমি ছবি দেখিনি... তিনি (রেফারি) আমাকে বলেছিলেন, তারা তিন রেফারি মিলে সিদ্ধান্ত নিয়েছেন পেনাল্টির।’ গোল ডটকম







