আন্তর্জাতিক সূচির বিরতি শেষে আগামী সপ্তাহে আবার মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। শনিবার লা লিগায় এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। চোট কাটিয়ে এই ম্যাচে লিওনেল মেসি ও লুই সুয়ারেসকে মাঠে দেখতে আশাবাদী কাতালান জায়ান্টরা।
কুঁচকির সমস্যায় মরক্কোর বিপক্ষে মঙ্গলবার আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলেননি মেসি। তার আগেই অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ভেনেজুয়েলার কাছে হারের পর ন্যু ক্যাম্পে ফিরে যান তিনি। বুধবার অনুশীলনে ফেরেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আন্তর্জাতিক বিরতির আগে রিয়াল বেতিসের বিপক্ষে গোড়ালিতে ব্যথা পান সুয়ারেস। গত দুই দিন ধরে হালকা অনুশীলনে অংশ নিয়েছেন উরুগুয়ান স্ট্রাইকার। বার্সা আশাবাদী ন্যু ক্যাম্পে নগরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দুজনই ফিট থাকবেন।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিওঁর বিপক্ষে বার্সার জয়ের দিনে চোট পেয়ে এক মাসের জন্য ছিটকে যান উসমান দেম্বেলে। শনিবারের ম্যাচে তো দেখাই যাবে না তাকে, এমনকি ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকোর বিপক্ষে লিগেও শঙ্কায় তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফিরতে লড়াই করে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড। ইএসপিএনএফসি








