প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল হবে বৃহস্পতিবার। দুই ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হবে নীলফামারী সদরের দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিপক্ষ ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চ্যাম্পিয়ন তিন লাখ, রানার্স-আপ দুই লাখ এবং তৃতীয় দল পাবে এক লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতার জন্যও রয়েছে পুরস্কার।
বুধবার ফাইনাল উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, ‘প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রতিভা আছে। ভবিষ্যতে তারাই জাতীয় দলে খেলবে, দেশের জন্য সম্মান বয়ে আনবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম-আল-হোসেন।








