চোটে ক্রিস্তিয়ানো রোনালদো ছিটকে যাওয়ার পর সিরি ‘এ’তে দুটি ম্যাচই জিতেছে জুভেন্টাস। কিন্তু চ্যাম্পিয়নস লিগ তাকে ছাড়া কল্পনা করতে পারছে না ২০১৭ সালের ফাইনালিস্টরা। অবশ্য কিছুটা হলেও তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠছে তারা। আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজ তারকাকে পাওয়ার ভালো সম্ভাবনা দেখছে জুভেন্টাস।
সব মিলিয়ে গত তিন ম্যাচে রোনালদোকে দলে পায়নি ইতালিয়ান জায়ান্টরা। গত মার্চে জেনোয়ার বিপক্ষে পর্তুগিজ তারকাকে প্রথমবার বিশ্রাম দিলে লিগ মৌসুমের একমাত্র ম্যাচ হারের স্বাদ পায় তারা। তবে গত দুটি ম্যাচে তাকে পায়নি পর্তুগালের ইউরো বাছাইয়ে চোটের কারণে।
শনিবার লিগে এসি মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস। এই ম্যাচে রোনালদোর না থাকার খবর নিশ্চিত করলেও কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানান, ইউরোপিয়ান মঞ্চে নামার জন্য বেশ ভালো অবস্থায় আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
আগামী ১০ এপ্রিল কোয়ার্টার ফাইনালে ডাচ প্রতিপক্ষকে মোকাবিলা করবে জুভেন্টাস। আমস্টারডামের বিমান ধরতে হাতে আছে আর পাঁচ দিন। এই সময়ের মধ্যে রোনালদো ফিটনেস ফিরে পাবে বিশ্বাস অ্যালেগ্রির, ‘রোনালদো এখন আগের চেয়ে ভালো আছে। আমস্টারডামে যেতে আর পাঁচদিন বাকি, ভালো কিছুর ইঙ্গিত মিলেছে। মাঠে থাকতে সবকিছু করছে সে এবং আমরা তাকে দলে আশা করতে পারি। কিন্তু মিলানের বিপক্ষে কালকের (শনিবার) ম্যাচে তাকে দেখা যাবে না।’
৮ ম্যাচ হাতে রেখে নাপোলির চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে থেকে সিরি ‘এ’র শীর্ষে আছে জুভেন্টাস। গোল ডটকম








