রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এডেন হ্যাজার্ড- গুঞ্জনটা অনেক দিনের। এবার নাকি সেটা সত্যি হতে চলেছে! মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, চেলসির সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছে রিয়াল, ‘কয়েক দিনের মধ্যে’ হ্যাজার্ড মাদ্রিদে আসছেন চুক্তি চূড়ান্ত করতে।
স্পেনের সবচেয়ে বেশি প্রচারিত ক্রীড়া দৈনিক ‘মার্কা’। রিয়াল মাদ্রিদের বেশিরভাগ খবর ‘ব্রেক’ করে থাকে তারাই। সেই সংবাদমাধ্যমটিই দিয়েছে হ্যাজার্ডের চুক্তির ব্যাপারে বড় তথ্য। তাদের দাবি, তিন পক্ষ- চেলসি, রিয়াল মাদ্রিদ ও হ্যাজার্ড চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেলজিয়ান তারকা শিগগিরই মাদ্রিদে আসবেন, যেখানে ছয় বছরের জন্য চুক্তি করবেন তিনি।
‘মার্কা’ এও জানিয়েছে, গত সপ্তাহে দলবদলের অনুমোদন দিয়েছেন কোচ জিনেদিন জিদান। মাদ্রিদের বর্তমান স্কোয়াডের শক্তি বাড়াতে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছ থেকে আগেই নিজের চাহিদাপত্র ‘স্বাক্ষর’ করে নিয়েছেন ফরাসি কিংবদন্তি। তারই ধারাবাহিকতায় হ্যাজার্ডকে ঘরে তোলার সবকিছু চূড়ান্ত করেছেন তিনি।
জিদানের কাছে ‘দুর্দান্ত খেলোয়াড়’ হ্যাজার্ডের রিয়ালে যাওয়ার গুঞ্জন স্প্যানিশ মিডিয়ায় অনেকদিন থেকেই। বেলজিয়ান তারকার যেমন আছে রিয়ালপ্রীতি, তেমনি জিদানেরও আছে তার প্রতি মুগ্ধতা। দুয়ে মিলিয়ে তার ভবিষ্যৎ ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যু হতে যাচ্ছে বলে ইউরোপিয়ান মিডিয়ার দাবি।
গত ফেব্রুয়ারির শুরুর দিকে হ্যাজার্ড জানিয়েছিলেন, ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। যদিও চেলসি তারকা এখন পর্যন্ত জানাননি তার সিদ্ধান্ত। তাই তার রিয়ালে আসার গুঞ্জন নতুন নতুন মোড় নেয় প্রতিনিয়ত। তাকে ধরে রাখতে সামনের গ্রীষ্মের দলবদলই চেলসির শেষ সুযোগ। ওই সময় নতুন চুক্তি করতে না পারলে সামনের বছর ফ্রি’তে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে পারবেন বেলজিয়ান ফরোয়ার্ড।
সম্ভাব্য ঠিকানা হিসেবে রিয়ালই ধরা হয়। মাদ্রিদের ক্লাবটিতে আবার কোচের দায়িত্বে ফেরা জিদানও সবসময় ‘হিসাবে’ রাখেন তাকে। শুক্রবারই সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘হ্যাজার্ড এমন এক খেলোয়াড়, যাকে আমি সবসময় হিসাবে রাখি। ফ্রান্সে যখন ও (লিলের হয়ে) খেলতো, আমি ওকে অনেক দেখেছি। সে দুর্দান্ত খেলোয়াড়।’
গত মৌসুমে হ্যাজার্ডকে পাওয়ার আগ্রহ দেখিয়েছিল রিয়াল। কিন্তু চেলসি তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দাবি করলে পিছু হটে রিয়াল। এবারের অঙ্কটা কত, ‘মার্কা’ অবশ্য সেটা নিশ্চিত করতে পারেনি। মার্কা








