অল্পের ওপর দিয়ে গেছে! গাড়ির ধাক্কায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত পেলেও চিকিৎসা শেষে তার হাসপাতাল ছাড়ার খবর নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
মঙ্গলবার মায়োর্কার ঘটেছে দুর্ঘটনাটি। স্প্যানিশ এই শহরের এল তোরোতে নিজের বাড়ি আছে স্কালোনির। সেখানেই এক স্কুলের সামনের গাড়ি পার্কিংয়ে তার চালানো সাইকেলে আঘাত করে একটি প্রাইভেট কার।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর খবর, মায়োর্কার আগোরা পোর্তালস ইন্টারন্যাশনাল স্কুলের গাড়ি পার্কিংয়ের সামনে সাইকেলে ছিলেন আর্জেন্টাইন কোচ। হঠাৎই পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা মারে তার সাইকেলে। পরে সন এসপাসেসের হাসপাতালে ভর্তি করানো হয় মেসিদের কোচকে।
দুর্ঘটনায় শরীরের কয়েকটি জায়গায় চোট পেয়েছেন স্কালোনি। তবে আশঙ্কামুক্ত তিনি, ইতিমধ্যে ফিরেছেন বাড়িতে। খবরটি নিশ্চিত করেছে এএফএ। আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা তাদের নিজস্ব টুইটারে লিখেছে, ‘সাইকেল চালাতে গিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দুর্ঘটনার শিকার হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি এখন বাড়ির পথে।’
২০১৮ সালের বিশ্বকাপ ব্যর্থতায় আলবিসেলেস্তেদের প্রধান কোচের চাকরি হারান হোর্হে সাম্পাওলি। তার জায়গায় অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান স্কালোনি। তবে গত বছরের শেষ দিকে স্থায়ীভাবে এক বছরের চুক্তি করেন তিনি এএফএ’র সঙ্গে।
স্কালোনি এখন কোপা আমেরিকার জন্য দল প্রস্তুত করছেন। যদিও ব্রাজিলের এই টুর্নামেন্টের আগে প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি। লিওনেল মেসির ‘ফেরার ম্যাচে’ ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মরক্কোর বিপক্ষে পরের ম্যাচ অবশ্য জিতেছে তারা ১-০ গোলে। গোল ডটকম








