চোটের কারণে ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন মাঠের বাইরে। জুভেন্টাস অবশ্য বরাবরই আত্মবিশ্বাসী, আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে পাওয়া যাবে তাকে। আত্মবিশ্বাসের সেই বেলুনটা আরও ফুলেফেঁপে উঠেছে পর্তুগিজ তারকার অনুশীলনে ফেরার দৃশ্যে। আমস্টারডামে যাওয়ার আগে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন তিনি।
গত মাসে জাতীয় দল পর্তুগালের হয়ে ইউরো বাছাইয়ে নেমেছিলেন রোনালদো। তবে ২৫ মার্চ সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়তে হয়ে তাকে। এরপর থেকে জুভেন্টাসের জার্সিতে আর নামা হয়নি তার। তবে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
বুধবার আমস্টারডামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ডাচ প্রতিপক্ষের বিপক্ষে নামবে জুভেন্টাস। তার আগের দিন শেষ অনুশীলন সেশনে পাওয়া গেছে হাস্যোজ্জ্বল রোনালদোকে। তুরিনের অনুশীলনে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরানোর সঙ্গে রসিকতাতেও মজেছিলেন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার অনুপস্থিতি অবশ্য খুব একটা টের পায়নি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কারণ তাকে ছাড়া সিরি ‘এ’ খেলা তিন ম্যাচে সম্ভাব্য ৯ পয়েন্টের পুরোটাই তুলতে পেরেছে জুভেন্টাস।
তবে ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়নস লিগের জায়গা পুরোটাই আলাদা। প্রতিদ্বন্দ্বিতাও থাকে চরমে। গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ের আগে দলের সেরা খেলোয়াড়কে ফিরে পাওয়াটা নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে জুভেন্টাসের। অনুশীলনে ফুরফুরে মেজাজে থাকা রোনালদোকে বুধবার রাতের ম্যাচের পুরোটা সময় পাওয়ার আশা করতেই পারে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি অবশ্য রোনালদোর ব্যাপারে আগে থেকেই ছিলেন ইতিবাচক। এসি মিলানের বিপক্ষে ২-১ গোলের ঘাম ঝরানো জয়ের পর তিনি বলেছিলেন, ‘ও (রোনালদো) সবময়ই প্রস্তুত থাকে, তবে আমিই বিশ্রাম নিতে বলেছি (এসি মিলানের বিপক্ষে)। বুধবার আয়াক্সে ওকে পাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
রিয়াল মাদ্রিদে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর ১০০ মিলিয়ন ইউরোতে রোনালদো নাম লিখিয়েছেন জুভেন্টাসে। ইতালিয়ান ক্লাবে ইউরোপিয়ান প্রতিযোগিতার টানা চতুর্থ শিরোপার জেতার লক্ষ্য তার। সেই লক্ষ্যে দুর্দান্ত পারফরম্যান্সে ‘তুরিনের বুড়িদের’ তুলেছেন কোয়ার্টার ফাইনালে। তাতে ১৯৯৬ সালের পর আবারও ইউরোপ সেরার হওয়ার স্বপ্ন বুনছে জুভেন্টাস। ডেইলি মেইল







