হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দেওয়ার পর ম্যানচেস্টার সিটির হোঁচটের অপেক্ষায় ছিল লিভারপুল। কিন্তু তাদের চাওয়া পূরণ হলো না। বার্নলির মাঠে ১-০ গোলে জিতে আবার লিভারপুলের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিলো সিটিজেনরা।
৩৬ ম্যাচ শেষে ৯২ পয়েন্ট নিয়ে বাকি দুটি ম্যাচ জয়ের অপেক্ষায় ম্যানসিটি। লিভারপুল (৯১) এক পয়েন্ট পেছনে থেকে নেমে গেছে দুই নম্বরে।
বার্নলি, লিস্টার সিটি ও ব্রাইটনের বিপক্ষে শেষ তিন ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে পারবে জেনেই রবিবার টার্ফ মুরে নামে ম্যানসিটি। এই ম্যাচগুলো থেকে সর্বোচ্চ পয়েন্ট আদায় না করতে পারলে নিউক্যাসল ও উলভসের বিপক্ষে জিতে লিভারপুলের কাছে শিরোপা হারানোর শঙ্কায় তারা।
ম্যানসিটির জয়ের তাড়নার চাপ আরও বেড়ে যায় প্রথমার্ধ গোলশূন্য থাকলে। বার্নলি গোলরক্ষক টম হিটন দুর্দান্ত কয়েকটি সেভে তাদের অস্বস্তি বাড়ান। তাছাড়া স্বাগতিক ডিফেন্ডাররাও শেষ মুহূর্তে সিটির আক্রমণ থামান।
কিন্তু বার্নলির প্রতিরোধ ভেঙে যায় ম্যাচের এক ঘণ্টা পর। ৬৩ মিনিটে গোলমুখের সামনে থেকে শট নেন সের্হিও আগুয়েরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট বুক দিয়ে ঠেকান ম্যাট লউটন। কিন্তু ততক্ষণে বল গোললাইন পার হয়ে যায়। বার্নলির খেলোয়াড় বল বিপদমুক্ত করলেও রেফারি পল টিয়ার্নির ঘড়ি গোলের সঙ্কেত দেয়।
৭৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়েই যেতো ম্যানসিটি। হিটনকে ফাঁকি দিয়ে গ্যাব্রিয়েল জেসুসের নেওয়া শট গোললাইনের সামনে ঠেকান বেন মি। স্বাগতিকরা গোলপোস্ট এরপর অক্ষত রাখলেও এক গোলে ম্যানসিটি পায় আকাঙ্ক্ষিত জয়ের দেখা।
এদিকে আর্সেনাল টানা তৃতীয় ম্যাচ হেরেছে। লিস্টার সিটি ঘরের মাঠে ৩-০ গোলে তাদের বিপক্ষে জিতেছে। ৩৬ মিনিটে এইন্সলে মাইতল্যান্ড-নাইলস লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে পেরে ওঠেনি গানাররা। দ্বিতীয়ার্ধে ইউরি তিয়েলেম্যান্সের সঙ্গে জেমি ভার্ডির জোড়া গোলে হারতে হয় তাদের।
এই হারে সেরা চারে থাকার আশায় আর্সেনাল বড় ধাক্কা খেলো। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে তারা।
আর্সেনালের হারে সেরা চার নিশ্চিতের দারুণ সুযোগ কাজে লাগাতে পারেনি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিল তারা। গোলরক্ষক দাভিদ দে গেয়ার ভুলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ১১ মিনিটে হুয়ান মাতার গোলে এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে অ্যান্তনিও রুদিগারের লম্বা শট ম্যানইউ গোলরক্ষকের হাত ফসকে যায়, মার্কো আলোনসো লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ১-১ গোলের ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে চারে চেলসি, আর ৬৫ পয়েন্টে ষষ্ঠ স্থানে ম্যানইউ।







