আবারও জাতীয় দলের জার্সিতে ঠিক সময়ে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকে বুধবার সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল।
২৫ মিনিটে বক্সের ঠিক বাইরে গোলরক্ষক জ্যান সোমারের ফাউলে ফ্রি কিক পান রোনালদো। স্পট কিক থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস ফরোয়ার্ড। প্রায় এক বছর পর দেশের হয়ে গোল করলেন রোনালদো। তার আগের গোলটি জুনে রাশিয়া বিশ্বকাপে, মরক্কোর বিপক্ষে।
দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েছিল সুইজারল্যান্ড। বক্সের মধ্যে স্টিভেন জুবেরকে ফাউল করেন নেলসন সেমেদো। রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত জানান। রিকার্ডো রদ্রিগেস করেন গোলটি।
তবে শেষ সময়ে মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। ৮৮ মিনিটে বের্নার্দো সিলভার অ্যাসিস্ট থেকে ২-১ করেন তিনি। এরপর একক চেষ্টায় ৯০ মিনিটে স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রবিবার টুর্নামেন্টের ফাইনাল। পর্তুগালের প্রতিপক্ষ কে জানা যাবে বৃহস্পতিবার নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের সেমিফাইনাল শেষে। ইএসপিএনএফসি







