লাওসের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) মাঠে নামছে বাংলাদেশ। ব্যাংককে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে তাদের সামনে আসল পরীক্ষা। বিকাল সাড়ে ৫টায় ভিয়েনতিয়েন জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মোকাবিলা করবে জেমি ডের শিষ্যরা।
বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য অসাধ্য বিষয়। বাছাইপর্বের একটি পর্যায়ে খেলতে পারলেই যেন সন্তুষ্টি! কিন্তু ফিফা র্যাংকিংয়ে ক্রমশ অবনতির কারণে বাছাইপর্ব যে লাল-সবুজ দলের জন্য কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ দলকে যে এখন প্রাক বাছাই পর্বের পরীক্ষা দিতে হচ্ছে। খেলতে হবে লাওসের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচ।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে লাওস কিছুটা এগিয়ে আছে। লাওসের র্যাংকিং ১৮৪ আর বাংলাদেশের ১৮৮। র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও জেমি ডের দল জিতে দেশে ফিরতে চায়। জয়ের লক্ষ্য নিয়েই তার দল মাঠে নামার অপেক্ষায়।
এই প্রাক বাছাইয়ের ম্যাচের জন্য বাংলাদেশ দল ব্যাংককে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প সেরেছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে জয় ও ড্র তাদের পুঁজি। লাওসে বুধবার বিকেলে অনুশীলনও করেছে জামাল-মামুনুলরা।
বাংলাদেশ দল প্রাক বাছাইয়ের ম্যাচে শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত। জেমি বলেছেন, ‘আমার দলের প্রস্তুতি ভালো। সবাই শতভাগ দিতে পারলে আমরা ম্যাচ জিততে পারবো।’
তবে ম্যাচটি সহজ হবে না, তা পরিষ্কার। জেমিও তাই মনে করছেন, ‘এটা কঠিন ম্যাচ হবে, নিঃসন্দেহে। কেন না লাওস শক্তিশালী দল। তবে আমরা চেষ্টার কোনও ত্রুটি রাখবো না।’
লাওসের বিপক্ষে আগের দুই ম্যাচের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলছে। লাওসের মাঠে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। আর সবশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ।
তবুও লাওসকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘লাওস সহজ প্রতিপক্ষ না। দুই দলের মধ্যে লড়াই হবে। তবে আমাদের প্রস্তুতি ভালো। আমরা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। তবে কোনও ভুল করলে চলবে না। আশা করছি ম্যাচ জিততে পারবো আমরা।’








