বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে গত বৃহস্পতিবার লাওসের মাঠে প্রথম লেগ জিতেছে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচ জেতায় বিশ্বকাপ বাছাইয়ে যাওয়ার দৌড়ে নিরাপদে আছে তারা। পরের লেগ তো ঘরের মাঠে। কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া কিন্তু এতটা নির্ভার নয়। পুরো দলকে সতর্ক থাকতে বললেন তারা।
আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ লড়বে অতিথি লাওসকে। ম্যাচটি জিততে না পারলেও অন্তত ড্রই যথেষ্ট। কিন্তু জয়ের লক্ষ্যেই মাঠে নামবে জেমির শিষ্যরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ (শনিবার) বিকেলে অনুশীলন শুরুর আগে ইংলিশ কোচ সতর্ক কণ্ঠে বলেছেন, ‘ঢাকায় হলেও ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। আমরা প্রতিপক্ষের মাঠে খেলে জিতেছি। কিন্তু এখনও বিশ্বাস করি না যে ঢাকার ম্যাচ সহজ হবে।’
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচে ভুটান ও পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। নির্ভার থাকার মাশুলই হয়তো তারা গুনেছিল নেপালের কাছে হেরে বিদায় নিয়ে। ওই ঘটনার কথাই মনে করিয়ে দিলেন জেমি, ‘সাফ চ্যাম্পিয়নশিপের কথা মনে পড়ছে- আমাদের পরের ধাপে যাওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত যেতে পারিনি। তাই লাওসের বিপক্ষে ফিরতি লেগেও আমাদের ভালো খেলতে হবে, জিততে হবে। তবে এটা ঠিক যে প্রথম লেগে জেতায় আমরা কিছুটা সুবিধা পাবো।’
লাওস প্রথম লেগ হারলেও ঢাকায় ঘুরে দাঁড়াতে নিজের সেরাটা দেবে মনে করেন জেমি। তবে তারা যেন জিততে না পারে সেই চেষ্টাই থাকবে বাংলাদেশের। ইংলিশ কোচ বলেছেন, ‘লাওস এখানে জেতার জন্য আসবে। জয়টা তাদের দরকার। তাদের প্রতিহত করা আমাদের নিশ্চিত করতে হবে। তাদের মাঠে আমরা প্রথমার্ধে ভালো করিনি, চাপে ছিলাম। তাদের কয়েকজন বিপজ্জনক খেলোয়াড় আছে। আমাদের সাবধানী ফুটবল খেলতে হবে। আশা করি নিজেদের মাঠে সমর্থকদের সামনে আমরা জয় পাবো।’
অধিনায়ক জামালের কণ্ঠেও সাবধানী সুর, ‘এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে প্রথম লেগ জিতলেও আমরা নিরাপদ নই। ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে, ফিরতি লেগে বাকি ৭০ শতাংশ কাজ শেষ করতে হবে। সমর্থকদের মতো আমরাও জিততে চাই। যদিও ড্র প্রয়োজন, কিন্তু আমরা জেতার জন্য খেলতে চাই।’








