চলে গিয়েছিলেন খেলোয়াড় হিসেবে, ফিরে এলেন কোচের বেশে। চেলসির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তিন বছরের চুক্তিতে ‘ঘরের ক্লাবে’ নতুন মিশন নিয়ে ফিরলেন সাবেক ইংলিশ মিডফিল্ডার।
স্ট্যামফোর্ড ব্রিজে এক মৌসুম কাটিয়ে চলে গেছেন মাউরিসিও সারি। জুভেন্টাসে যোগ দেওয়া এই ইতালিয়ান কোচের চেয়ারে বসতে যাচ্ছেন ল্যাম্পার্ড। খেলোয়াড় হিসেবে কিংবদন্তি হয়ে লন্ডনের ক্লাব ছাড়া এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে চেলসি। ডার্বি কাউন্টি থেকে কোচ ল্যাম্পার্ডকে আনতে মোটা অঙ্ক ‘জরিমানা’ দিতে হয়েছে তাদের। ডার্বির সঙ্গে আরও দুই বছরে চুক্তি বাকি থাকায় ক্ষতিপূরণ হিসেবে ৪ মিলিয়ন পাউন্ড দিতে হয়েছে চেলসিকে।
২০১৮ সালে ডার্বি দিয়েই পেশাদার কোচিংয়ে নাম লেখান ল্যাম্পার্ড। এক বছর সেখানে কাটিয়ে ফিরলেন তিনি পুরোনো ক্লাব চেলসিতে। খেলোয়াড় হিসেবে যেখানে কাটিয়ে গেছেন ১৩ বছর। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬৪৯ ম্যাচে ২১১ গোল করা ল্যাম্পার্ডই চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, চারটি এফএ কাপ, দুটি লিগ কাপ ও একটি ইউরোপা লিগের শিরোপা। ২০১৪ সালে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তিনি।
কোচ হিসেবে চেলসিতে ফিরতে পেরে স্বভাবতই আনন্দিত ল্যাম্পার্ড, ‘চেলসির প্রধান কোচ হিসেবে ফিরতে পেরে আমি ভীষণ গর্বিত। প্রত্যেকেই জানে এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা কতটা এবং এখানকার ইতিহাস আমরা কিভাবে ভাগাভাগি করেছি। তবে এখন আমার পুরো নজর কাজে এবং নতুন মৌসুমের প্রস্তুতিতে।’ গোল ডটকম








