শনিবার রাত ১০ টায় ইরানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যেখানে ইরান অনুপ্রেরণা খুঁজে নিতে পারে তাদের প্রথম ম্যাচ থেকে। প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানও খারাপ হয়নি তাদের। সমানে সমান লড়াই হলেও গোলশুন্য ড্র হয় ম্যাচটি। তবে অাক্রমণাত্মক আর্জেন্টিনা কোনও ভাবেই ছাড় দেবে না ইরানকে। প্রথম ম্যাচে বসনিয়ার বিপক্ষে প্রথমার্ধে রক্ষণাত্মক খেলাতে কিছুটা ছন্দ হারিয়েছিল সাবেলার দল। তবে দ্বিতীয়ার্ধে খেলার ধরণ পাল্টেই ধসিয়ে দিয়েছিল বসনিয়াকে। একইভাবে ইরানের বিপক্ষে সেরকম কিছুই করতে মরিয়া হয়ে থাকবে তারা। কারণ তাদের রয়েছে মেসি, হিগুয়েইন, অাগুয়েরোর মতো গোল মেশিন। অার গঞ্জালো হিগুয়েইন- সার্জিও আগুয়েরোকে সামনে রেখে আর ঠিক পেছনে থেকে একের পর এক আক্রমণ শাণিয়ে মেসি চাইবে প্রতিপক্ষের রক্ষণ গুঁড়িয়ে দিতে। তবে হেলাফেলার দল নয় ইরান। নিজেদের প্রথম ম্যাচে সেটা বুঝিয়েই দিয়েছে। এর আগে ইরান একবারই আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ১৯৭৭ সালে। তবে ম্যাচটি ড্র হয়েছিল (১-১)। এখান থেকেও অাত্মবিশ্বাসের রসদ নিতে পারে এশিয়ার দলটি। অপরদিকে বিশ্বকাপে কখনোই এশিয়ার দলগুলোর কাছে হারেনি আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ৩-১, গত বিশ্বকাপে ৪-১ ও ১৯৯৮ বিশ্বকাপে জাপানকে ১-০ গোলে হারায় অার্জেন্টিনা। খেলাটি অুনষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।








