আগেই রণহুঙ্কার দিয়েছিলেন ইতালীয় মিডফিল্ডার ডি রসি। বলেছিলেন, 'শেষ হাসি আমরাই হাসবো।' কিন্তু ম্যাচে উল্টো রূপই দেখতে হলো আজ্জুরিদের। 'ডি' গ্রুপের ম্যাচে কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। শুক্রবার অ্যারেনা পারনামবুচোয় নিজেদের ছায়া হয়ে খেলেছে সিজারে প্রানদেল্লির শিষ্যরা। কারণ ম্যাচে কোস্টারিকার রক্ষণের গেরোটা খুলতেই পারেনি ইতালি। উল্টো বার বার ইতালির দুর্বল রক্ষণে হামলা চালিয়েছে কোস্টারিকা। যার ফলে প্রথমার্ধের ৪৪ মিনিটে জালে বল জড়ানোর সুযোগ পায় কোস্টারিকানরা। বাম পাশ থেকে পাওয়া জুনিয়র ডিয়াজের ক্রস থেকে দুর্দান্ত হেডে জালে বল জড়ান ব্রায়ান রুইজ। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়েছিল ইতালি। কিন্তু তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে হারের কালো মুখ নিয়েই মাঠ ছেড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এর ফলে এ ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করলো কোস্টারিকা। উল্লেখ্য, অাগের ম্যাচে উরুগুয়েকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল কোস্টারিকা।








