লিওনেল মেসির সঙ্গে আক্রমণে জুটি বাঁধতেই বার্সেলোনায় এসেছেন আন্তোয়ান গ্রিয়েজমান। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ড ইনজুরিতে থাকায় মাঠে এখনও তাদের জুটি সেভাবে দেখা যায়নি। মাঠের বাইরেও দুই তারকার বন্ধুত্ব জমেনি। ফরাসি তারকা নিজেই জানিয়েছেন, মেসির সঙ্গে খুব একটা কথা হয় না তার।
এবারের গ্রীষ্মের দলবদলে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছেন গ্রিয়েজমান। অ্যাতলেতিকোর গ্রিয়েজমানকে এখনও পাওয়া না গেলেও বেশ ভালোভাবেই তিনি মানিয়ে নিয়েছেন বার্সেলোনার জার্সিতে। অবশ্য নিজের সেরা জায়গায় যে পৌঁছাতে পারেননি, সেটা স্বীকার করছেন গ্রিয়েজমান নিজেও। মেসির সঙ্গেও খুব বেশি কথা হয়নি তার।
মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন মেসি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ দিয়ে মাঠে ফিরলেও ভিয়ারিয়ালের বিপক্ষে আবার পড়েন ঊরুর চোটে। মাঠে গ্রিয়েজমানের সঙ্গে তার জুটির কার্যকারিতা তাই এখনও সেভাবে দেখা যায়নি।
বার্সেলোনা অধিনায়কের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে গ্রিয়েজমান বলেছেন, ‘সবশেষে বিষয়টা হলো, সে (মেসি) খুব বেশি কথা বলে না, আমিও সেরকমই। তাই আমাদের কথা-বার্তা হওয়াটা একটু কঠিন।’ সঙ্গে যোগ করেছেন, ‘তার সহকর্মী হতে আমি এখানে (বার্সেলোনা) এসেছি। আমরা সঠিক পথেই আছি। কিভাবে যোগাযোগ বাড়ানো ও উন্নতি করা যায়, সেটাই শিখতে হবে। আমি এখানে সাহায্য করতে এসেছি।’
নিজের পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপ জয়ী তারকার বক্তব্য, ‘আমি স্বস্তিতেই আছি। তবে আরও উন্নতি প্রয়োজন, বিশেষ করে আমার মুভমেন্টের জায়গায়। আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে, উইংয়ে উন্নতি করতে হবে। আমি আত্মবিশ্বসী, তবে যে গ্রিয়েজমানকে দেখে সবাই অভ্যস্ত, সেই জায়গায় ঘাটতি আছে।’ মার্কা







